আন্তর্জাতিক পাচারকারীদের নজর সুন্দরবনের দিকে
আন্তর্জাতিক পাচারকারীদের নজর এখন সুন্দরবনের দিকে। সারা বিশ্বে বর্তমানে তিন হাজার ২০০ থেকে তিন হাজার ৫০০ বাঘ রয়েছে। এর মধ্যে সুন্দরবনে রয়েছে ৪৪০টি বাঘ। নানা কৌশলে পাচারকারীরা সুন্দরবনের বাঘসহ অন্যান্য প্রাণী হত্যা করে অঙ্গপ্রত্যঙ্গ বিদেশে পাচার করছে। এ বিষয়ে এখনই কার্যকর ব্যবস্থা গ্রহণ করা না হলে সুন্দরবন ধ্বংস হয়ে যাবে।গতকাল শনিবার সকালে খুলনায় ‘সুন্দরবনের বাঘ ও বাঘের খাদ্য সংরক্ষণ’বিষয়ক কর্মশালায় বক্তারা এসব উদ্বেগের কথা জানান। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা শাখার উদ্যোগে নগরের সিএসএস আভা সেন্টারে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। বিশ্বব্যাংকের স্ট্রেংদেনিং রিজিওনাল কো-অপারেশন ফর ওয়াইল্ডলাইফ প্রটেকশন (এসআরসিডব্লিউপি) প্রকল্পের আওতায় এ কর্মশালার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সুন্দরবন পশ্চিম বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) জহির উদ্দিন আহমেদ। বন্য প্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের খুলনা বিভাগীয় বন কর্মকর্তা আবু নাসের মো. ইয়াছিন নেওয়াজের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি বিভাগের অধ্যাপক এ কে ফজলুল হক, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এস এম মনিরুজ্জামান ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) কর্মকর্তা মীর মোদাচ্ছের হোসেন। এতে খুলনা বিভাগের বন ও প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক এবং সিএমসি কমিটির সদস্যরা অংশ নেন। বক্তারা পাচারকারীদের হাত থেকে বন্য প্রাণী রক্ষা করতে স্থানীয় পর্যায়ে সচেতনতা বৃদ্ধি ও সহব্যবস্থাপনা কমিটির (সিএমসি) কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপ করেন।