
বাতিল বোতল ব্যবহার করে পরিবেশবান্ধব কুলার বা বাতাস শীতলকারক প্রযুক্তি উদ্ভাবন করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছিলেন উদ্ভাবক আশীষ পাল। এবার বিজ্ঞাপনী সংস্থা গ্রে ঢাকার এই উদ্ভাবনী প্রকল্প জিতল কান লায়ন্স গোল্ড পুরস্কার। ২১ জুন কান লায়ন্স আন্তর্জাতিক সৃজনশীলতা উৎসবে উদ্ভাবন বিভাগে পুরস্কার তুলে দেওয়া হয়।
ফ্রান্সের কান শহরে আয়োজিত এ উৎসব সারা বিশ্বের সৃজনশীল মানুষদের বড় জমায়েত। এখানে স্বাস্থ্য, বিনোদন ও উদ্ভাবন—এই তিনটি বিভাগে ২৩টি শাখায় পুরস্কার দেওয়া হয়। ৬০ বছরের পুরোনো এই উৎসবের এবারের আসর শুরু হয়েছে ১৮ জুন। যেখানে অংশ নিয়েছেন প্রায় ১০০ দেশের ১৫ হাজার প্রতিনিধি।
এ বছর উদ্ভাবন বিভাগে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ৫৩৮টি প্রকল্প জমা পড়ে। এর মধ্যে ছিল গ্রে ঢাকার পরিবেশবান্ধব ইকো-কুলার ও প্যাডেল পিওর নামে দুটি প্রকল্প। বিচারকেরা উদ্ভাবন বিভাগের ‘সমাধান’ শাখায় গ্রের প্রকল্প ইকো-কুলারকে সেরা হিসেবে ঘোষণা করেন। গ্রে বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক গাউসুল আলম শাওন ও ক্রিয়েটিভ ডিরেক্টর মোহাম্মদ জাইয়ানুল হক এই পুরস্কার গ্রহণ করেন।
গাউসুল আলম শাওন ফ্রান্স থেকে প্রথম আলোকে বলেন, ‘প্রথম যেকোনো অর্জনই গৌরবের। বাংলাদেশের বিজ্ঞাপনজগতের পক্ষ থেকে এ অর্জনের মাধ্যমে বিশ্বকে আরেকবার আমাদের আগমনী বার্তা পৌঁছে দেওয়ার জন্য গ্রে ঢাকা নিজেদের গর্বিত মনে করছে।’
ফেলে দেওয়া প্লাস্টিকের বোতল ব্যবহার করেই তৈরি করা যায় বাতাস শীতল করার এই ‘ইকো-কুলার’ বা পরিবেশবান্ধব কুলার। এটি ব্যবহারে ঘরের তাপ কমানো যায় স্বাভাবিকের চেয়ে ৫ ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত। যন্ত্রটির উদ্ভাবক আশীষ পাল বিজ্ঞাপনী সংস্থা গ্রের ক্রিয়েটিভ সুপারভাইজার। এই প্রযুক্তি গ্রামে গ্রামে পৌঁছে দেওয়ার জন্য পরীক্ষামূলক কাজ শুরু হয় ২০১৫ সালের মার্চ মাসে। এরই মধ্যে নীলফামারী ও রাজবাড়ীর দৌলতদিয়া উপজেলার কয়েকটি গ্রামের মানুষকে শেখানো হয় ইকো-কুলার বানানো।
প্রথম আলোর শনিবারের ক্রোড়পত্র ছুটির দিনের পাতায় ‘বিনে পয়সার এসি’ শিরোনামে এই কুলারটি নিয়ে প্রচ্ছদ প্রতিবেদন প্রকাশিত হয় ১১ জুন। আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও এই উদ্ভাবন আলোচিত হয়।