আন্তর্জাতিক প্রতিষ্ঠান হোক আইসিডিডিআরবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র, বাংলাদেশকে (আইসিডিডিআরবি) সত্যিকার অর্থে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। এখানে যাঁরা কাজ করবেন তাঁরা হবেন আন্তর্জাতিক মানসম্পন্ন। প্রতিষ্ঠানের অভ্যন্তরীণ পরিবেশও হবে আন্তর্জাতিক—এটাই সরকারের প্রত্যাশা।
গতকাল আইসিডিডিআরবির সাসাকাওয়া মিলনায়তনে আইসিডিডিআরবি: এ স্টার ইন দ্য সাউথ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে সরকারের অবস্থান ব্যাখ্যা করার সময় স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুরুল ইসলাম এ কথা বলেন। বইটি লিখেছেন প্রতিষ্ঠানের উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া। স্বাস্থ্যসচিব বলেন, জাতিসংঘের প্রস্তাবে আইসিডিডিআরবি প্রতিষ্ঠিত হয় আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে। বেশ কয়েকটি দেশ প্রতিষ্ঠানটির মূল দাতা বা সহায়তাকারী। তারা আইসিডিডিআরবিকে আন্তর্জাতিক প্রতিষ্ঠান হিসেবে দেখতে চায়। প্রতিষ্ঠানে কর্মরত বিজ্ঞানী, কর্মকর্তা-কর্মচারীদের অদূরদর্শী আচরণ না করার জন্য তিনি পরামর্শ দেন।
আব্বাস ভূঁইয়া আইসিডিডিআরবিতে কাজ করছেন ১৯৮০ সাল থেকে। ৭৮ পৃষ্ঠার বইয়ে আইসিডিডিআরবির জন্ম, বেড়ে ওঠা, আন্তর্জাতিক খ্যাতির কথা আছে। একই সঙ্গে আছে ব্যবস্থাপনার সঙ্গে বিজ্ঞানী, কর্মকর্তা ও কর্মচারীদের টানাপোড়েনের কথা। অভ্যন্তরীণ দ্বন্দ্ব, অনিয়ম ও দুর্নীতির কথাও বলা আছে। কিন্তু সুনির্দিষ্ট কোনো তথ্য নেই। তাই বইয়ের ওপর নির্ধারিত আলোচনায় অংশ নিয়ে ওয়াটার এইড বাংলাদেশের পরিচালক খায়রুল ইসলাম বলেন, ‘আব্বাস ভূঁইয়ার লেখার দুই লাইনের মাঝে অনেক না বলা কথা আছে।’