বাংলাদেশ ও ভিয়েতনামের মধ্যে খাদ্যনিরাপত্তা গড়ে তুলতে দীর্ঘমেয়াদি সমঝোতা স্মারক সই হয়েছে। সমঝোতা স্মারক অনুযায়ী বাংলাদেশ প্রয়োজনীয় সময়ে ভিয়েতনামের কাছ থেকে সরকারি পর্যায়ে চাল আমদানি করতে পারবে। চাল আমদানির সময় আন্তর্জাতিক বাজারদরের ভিত্তিতে আলোচনা সাপেক্ষে চালের মূল্য ও পরিমাণ নির্ধারণ করা হবে। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনামন্ত্রী আবদুর রাজ্জাক এবং ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রী ভু হুই হোং নিজ নিজ দেশের পক্ষে এ সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। ১৮ এপ্রিল ভিয়েতনামের রাজধানী হ্যানয়ে এ সমঝোতা স্মারকে সই হয়। খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গতকাল মঙ্গলবার এ তথ্য জানায়।ভিয়েতনামের সঙ্গে এর আগে চাল আমদানির জন্য বাংলাদেশ সমঝোতা স্মারকে সই করেছিল। পরবর্তী সময়ে বাংলাদেশ ভিয়েতনামের কাছ থেকে দুই দফায় সাড়ে চার লাখ টন চাল আমদানি করার জন্য চুক্তিবদ্ধ হয়। এত দিন চুক্তিকালীন সময়ের আন্তর্জাতিক দর অনুযায়ী চাল সরবরাহ করা হয়েছিল। নতুন সমঝোতা স্মারকে বলা হয়েছে, চাল সরবরাহ করা হবে ওই সময়কার দর অনুযায়ী।এর আগে আবদুর রাজ্জাক ভিয়েতনামের শিল্প ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। এ সময় ভিয়েতনামের মন্ত্রী বলেন, এ সফরের মধ্য দিয়ে দুই দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক আরও জোরদার হবে। আবদুর রাজ্জাক বলেন, কৃষি, মৎস্য, চামড়া ও চামড়াজাত দ্রব্য, ওষুধ, পাট ও পাটজাত দ্রব্য এবং সামুদ্রিক মৎস্য আহরণের বিষয়ে বিনিয়োগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রয়েছে।সমঝোতা স্মারকে স্বাক্ষরের জন্য আবদুর রাজ্জাকের নেতৃত্বে তিন সদস্যের একটি প্রতিনিধিদল গত শনিবার থেকে ভিয়েতনাম সফরে রয়েছে। প্রতিনিধিদলের অন্য সদস্যরা হলেন খাদ্য অধিদপ্তরের মহাপরিচালক আহমদ হোসেন খান এবং খাদ্য বিভাগের যুগ্ম সচিব খন্দকার আতিয়ার রহমান।