আন্তর্জাতিক বাজারের সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে দেশীয় পণ্যের গুণ ও মান বাড়াতে হবে। সার্কভুক্ত দেশগুলোতে বাণিজ্যের ক্ষেত্রে বিদ্যমান কারিগরি প্রতিবন্ধকতা দূর করতে ঢাকায় স্থাপিত হচ্ছে দক্ষিণ এশীয় আঞ্চলিক মান সংস্থার সদর দপ্তর।৪১তম বিশ্ব মান দিবস উপলক্ষে আয়োজিত সভায় প্রধান অতিথির বক্তব্যে এ মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া। বিশ্ব মান দিবস উপলক্ষে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশনের (বিএসটিআই) অডিটরিয়ামে এই আলোচনা সভার আয়োজন করা হয়। বিশ্ব মান দিবসে এ বছরের প্রতিপাদ্য বিষয় ছিল ‘পণ্য ও সেবার মান বিশ্বকে অবারিত করে’।তেজগাঁও আসনের সাংসদ আসাদুজ্জামান খান বলেন, বিএসটিআইয়ের সেবার মান আধুনিকায়ন করা হলে সাধারণ জনগণের মাঝে সঠিক মানের পণ্য ও সেবা পৌঁছে দেওয়া যাবে। শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী বলেন, নিত্যব্যবহার্য খাদ্য ও পানীয়, নির্মাণসামগ্রী, বৈদ্যুতিক ও স্যানিটারি সামগ্রীর মান বজায় রাখতে হবে। এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, ওজন পরিমাপের ক্ষেত্রে বিএসটিআইয়ের আন্তর্জাতিক মানের পরীক্ষাগার স্থাপন করা হয়েছে। বিএসটিআইয়ের মহাপরিচালক এ কে ফজলুল আহাদের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কনজুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সভাপতি কাজী ফারুক প্রমুখ।