জাতিসংঘ মানবাধিকার সংস্থার আয়োজনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতির যে সর্বজনীন পরিবীক্ষণ অনুষ্ঠিত হতে চলেছে, তাতে বাংলাদেশের পক্ষ থেকে পেশ করা প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে আন্তর্জাতিক বাধ্যবাধকতা পূরণে সরকার সাধ্যমতো চেষ্টা চালিয়ে যাচ্ছে। এ ক্ষেত্রে সরকার গুরুত্বপূর্ণ কিছু আইনগত পদক্ষেপ গ্রহণের বিবরণ তুলে ধরে বলেছে, এগুলো সবই জনগণের রাজনৈতিক, আর্থসামাজিক ও সাংস্কৃতিক অধিকারের বিষয়। বিশেষ করে নারী, শিশু, জাতিগত সংখ্যালঘু, শ্রমিক এবং সামাজিকভাবে প্রান্তিক অবস্থানে থাকা জনগোষ্ঠী।আজকের আনুষ্ঠানিক আলোচনায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি পরিবীক্ষণে উঠে আসা বিভিন্ন বিষয়ে সরকারের অবস্থান তুলে ধরবেন। তবে সরকারের লিখিত প্রতিবেদন জমা হয়েছে গত ৭ ফেব্রুয়ারি।প্রতিবেদনে বলা হয়েছে, ২০০৯-এর ইউপিআরের পর থেকে নবম সংসদে ১৯৬টি আইন করা হয়েছে, যেগুলোতে এসব অধিকারের বিষয় বিবেচিত হয়েছে। এগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে যেসব আইনের কথা বলা হয়েছে সেগুলো হলো জাতীয় মানবাধিকার কমিশন আইন ২০০৯, সন্ত্রাসবিরোধী আইন ২০০৯, ক্ষুদ্র জাতিগোষ্ঠী সাংস্কৃতিক প্রতিষ্ঠান আইন ২০১০, পারিবারিক সহিংসতা প্রতিকার ও সুরক্ষা আইন ২০১০, জাতীয় পরিচয় রেজিস্ট্রেশন আইন ২০১০, জলবায়ু পরিবর্তন ট্রাস্ট আইন ২০১০, পরিবেশ আদালত আইন ২০১০, ভবঘুরে ও গৃহহীন মানুষ পুনর্বাসন আইন ২০১১, হিন্দু বিবাহ রেজিস্ট্রেশন আইন ২০১২, মানবপাচার প্রতিরোধ এবং নিয়ন্ত্রণ আইন ২০১২ ইত্যাদি।মানবাধিকারের অঙ্গীকার পালনে বেশ কয়েকটি নতুন নীতিমালা তৈরিরও ফিরিস্তি দেওয়া হয়েছে প্রতিবেদনে। এগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো জাতীয় শিশুশ্রম নির্মূল নীতি, জাতীয় শিক্ষানীতি ২০১০, জাতীয় শিশু অধিকার নীতি ২০১০, গৃহকর্মী সুরক্ষা ও কল্যাণ নীতি ২০১০, জাতীয় শ্রমনীতি ২০১১, জাতীয় দক্ষতা উন্নয়ন নীতি ২০১১, জাতীয় নারী উন্নয়ন নীতি ২০১১ এবং জাতীয় শিশু নীতি ২০১১।জাতীয় মানবাধিকার কমিশন গঠন, দুর্নীতি দমন কমিশনের স্বাধীনতা প্রদানে সংস্কার, নির্বাচন কমিশন সংস্কার, আইন কমিশনের কার্যক্রম, তথ্য কমিশন প্রতিষ্ঠা এবং জাতীয় আইন সহায়তা সংস্থা গঠনের বিষয়গুলো এতে তুলে ধরা হয়।গণমাধ্যমের বিষয়ে বলা হয়, সরকার ১৪টি বেসরকারি টেলিভিশন চ্যানেল, ১৪টি কমিউনিটি রেডিও এবং সাতটি এফএম রেডিওর অনুমতি দিয়েছে।বাংলাদেশ মানবাধিকারবিষয়ক ১৬টি আন্তর্জাতিক সনদের অংশীদার হয়ে দেশে প্রয়োজনীয় আইন তৈরি করেছে বলেও এতে উল্লেখ করা হয়। আরও বলা হয়, গৃহায়ণ, পানি ও পয়োব্যবস্থাবিষয়ক র্যাপোর্টিয়ারের সফর সম্পন্ন হয়েছে এবং নারীর বিরুদ্ধে সহিংসতাবিষয়ক র্যাপোর্টিয়ার ২০১৩ সালে বাংলাদেশ সফর করবেন।অপহরণ সম্পর্কে বলা হয়, ২০০৯ থেকে ২০১২ সাল পর্যন্ত মোট দুই হাজার ৯৪১ জন অপহূত হয়েছেন। তাঁদের মধ্যে এক হাজার ৪০০ জনের বেশি ব্যক্তিকে নিরাপত্তা বাহিনী উদ্ধার করেছে এবং ৮০০-এর মতো অপহরণকারীকে গ্রেপ্তার করেছে। তবে সম্প্রতি অপহরণের ক্ষেত্রে র্যাব ও অন্যান্য আইনপ্রয়োগকারী সংস্থার পরিচয় ব্যবহারের প্রবণতা লক্ষ করা যাচ্ছে এবং র্যাব এ রকম ভুয়া পরিচয় ব্যবহারকারী ৫০০ জনকে গ্রেপ্তার করেছে।বিভিন্ন ক্ষেত্রে জনগোষ্ঠীর বিভিন্ন অংশের জন্য গৃহীত নানা ধরনের পদক্ষেপ, আইন প্রণয়ন এবং নীতিমালার বিস্তারিত ফিরিস্তি এতে তুলে ধরা হলেও মানবাধিকার সংগঠক এবং বিভিন্ন দেশের প্রতিনিধিদের উত্থাপিত সুনির্দিষ্ট অনেক প্রশ্নের জবাব সরকারের এ প্রতিবেদনে নেই।