আন্তর্জাতিক বায়োইনফরমেটিক্স কর্মশালা শেষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রথম দক্ষিণ এশিয়া আন্তর্জাতিক বায়োইনফরমেটিক্স ও কম্পিউটেশনাল বায়োলজি কর্মশালা গতকাল বুধবার শেষ হয়েছে। দুই দিনব্যাপী এই কর্মশালার সমাপনী অনুষ্ঠান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আনোয়ারুল আজিম। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জীববিজ্ঞান অনুষদের ডিন খান তৌহিদ ওসমান, জেনেটিক ইঞ্জিনিয়ারিং ও বায়োটেকনোলজি বিভাগের শিক্ষক মোহাম্মদ আল ফোরকান, বিভাগের সভাপতি লুলু ওয়াল মারজান। অনুষ্ঠান পরিচালনা করেন বিভাগের শিক্ষক আদনান মান্নান। প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য বলেন, জীববিজ্ঞানের আধুনিক এই শাখা নিয়ে আন্তর্জাতিক এই কর্মশালা যুগোপযোগী ও গুরুত্বপূর্ণ। প্রতিযোগিতামূলক বিশ্বে আমাদের তরুণ শিক্ষার্থী ও গবেষকদের জন্য এটি বিশাল সম্ভাবনাময় ক্ষেত্র। দিনব্যাপী কর্মশালায় সেমিনার অধিবেশনে মাইক্রো ও এসআইআরএনএ প্রস্তুতকরণ, ওষুধ নকশাকরণ, ব্যাকটেরিয়ার গঠনগত পরিবর্তন নির্ণয়, জিনগত পরিবর্তন ও শারীরিক প্রতিক্রিয়া বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করা হয়। দুই দিনব্যাপী এই কর্মশালায় জাপান, চীন ও ভারতের বিশেষজ্ঞরা অংশ নেন। এ ছাড়া দেশের ২৩টি প্রতিষ্ঠানের তিন শতাধিক শিক্ষার্থী ও গবেষক এতে অংশ নেন।চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম এবং চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। আয়োজনে সহযোগী হিসেবে ছিল ডেইলি স্টার ও ইতালির থার্ড ওর্য়াল্ড একাডেমি অব সায়েন্সেস।