আন্তর্জাতিক বিক্ষোভ দিবস পালিত

‘সুন্দর জীবনের লক্ষ্যে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা ও নিরাপদ পানি নিশ্চিত করতে হবে’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার পৃথিবীর বিভিন্ন দেশে পালিত হয়েছে আন্তর্জাতিক বিক্ষোভ দিবস।
বিশ্ব ট্রেড ইউনিয়ন ফেডারেশনের (ডব্লিউএফটিইউ) আহ্বানে বিক্ষোভ দিবস পালন করা হয়। এ উপলক্ষে আজ রাজধানীতে জাতীয় প্রেসক্লাবের সামনে ডব্লিউএফটিইউ বিক্ষোভ সমাবেশ ও মিছিল করে। সাম্প্রদায়িক শক্তির কার্যক্রমের বিরুদ্ধে শ্রমজীবী মানুষকে রুখে দাঁড়ানোর আহ্বানও জানানো হয় ওই সমাবেশে।

সমাবেশে দেশে দেশে শ্রমিকদের ওপর যে শোষণ চলছে, তার বিরুদ্ধে এবং শোষণমুক্ত সমাজব্যবস্থা গড়ে তোলার জন্য শক্তিশালী ট্রেড ইউনিয়ন সংগঠন গড়ে তোলার আহ্বান জানানো হয়। সেখানে রামুতে বৌদ্ধমন্দির ভাঙচুর ও বৌদ্ধ সম্প্রদায়সহ সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনার নিন্দা জানানো হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন ডাব্লিউএফটিইউয়ের প্রেসিডিয়াম সদস্য ও বাংলাদেশ কমিটির আহ্বায়ক ওয়াজেদুল খান। এতে বক্তব্য দেন গ্রিসের রাজধানী এথেন্সের ডাব্লিউএফটিইউ সদর দপ্তরের প্রতিনিধি শ্রমিকনেতা আলেকজান্ডা লাইবেরি, সংগঠনের বাংলাদেশ কমিটির কেন্দ্রীয় নেতা সফিউদ্দিন আহমেদ, মেসবাহউদ্দিন আহমেদ, নাইমুল আহসান, আমিরুল হক, জাহেদুল হক, লুত্ফর রহমান, কামরুল আহসান প্রমুখ।