আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনে প্রযুক্তিনির্ভর দেশ গড়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘ইঞ্জিনিয়ারিং রিসার্চ, ইনোভেশন অ্যান্ড এডুকেশন’ শীর্ষক সম্মেলনের তিন দিনব্যাপী শেষ দিনে প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়ার আহ্বান জানানো হয়। সম্মেলনে প্রযুক্তিনির্ভর দেশ গড়ার বিভিন্ন দিক তুলে ধরেন বক্তারা।তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিন গতকাল বুধবার ছিল ‘ডিজিটাল সেশন’। সেশনে বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক আবু আওয়াল মুহাম্মদ শোয়েব জনগণমুখী নীতিমালা, বাজারে শক্তিশালী প্রতিযোগিতা, সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট সংযোগ, আইসিটিভিত্তিক সেবা ও তথ্যভান্ডারের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, আধুনিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে নতুন নতুন প্রযুক্তির অনুশীলন ও প্রযুক্তিনির্ভর সংস্কৃতি গড়তে প্রয়োজনীয় উপকরণ সাধারণ মানুষের জন্য সাশ্রয়ী ও সহজলভ্য করতে হবে।বিজ্ঞান সম্মেলনে মূল প্রবন্ধ উপস্থাপন করেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিক্ষাবিদ ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক এম এইচ খান। এ ছাড়া দেশি-বিদেশি গবেষক ও শিক্ষার্থীরা প্রবন্ধ উপস্থাপন করেন।এ ছাড়া সম্মেলনের দ্বিতীয় দিনে ইলেকট্রিক্যাল, কেমিকেল ইঞ্জিনিয়ারিং, সিভিল, আর্কিটেকচার ও ইলেকট্রনিকস কমিউনিকেশন বিষয়ে বিভিন্ন প্রবন্ধ উপস্থাপন করা হয়। পরে প্রকৌশল শিক্ষা ও গবেষণার বর্তমান ও ভবিষ্যত্ অবস্থা নিয়ে গোলটেবিল বৈঠক হয়।আন্তর্জাতিক বিজ্ঞান সম্মেলনের আয়োজক কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের কেমিকেল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের প্রধান মো. আখতারুল ইসলাম জানান, দেশি-বিদেশি বিজ্ঞানী, গবেষক ও প্রকৌশলীদের নিয়ে আয়োজিত এ সম্মেলনের মাধ্যমে একটি পাটাতন তৈরির চেষ্টা করা হয়েছে। নতুন নতুন বৈজ্ঞানিক আবিষ্কার ও প্রযুক্তিনির্ভর বাংলাদেশ গড়তে এ সম্মেলন সহায়তা করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।