আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে পশ্চিমবঙ্গে নানা কর্মসূচি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন উপলক্ষে পশ্চিমবঙ্গে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় কলকাতার রবীন্দ্র সদনলাগোয়া আকাদেমি চত্বরে ভাষা দিবস উপলক্ষে অনুষ্ঠান শুরু হয়। চলে সারা রাত। নবজাগরণ এবং ভাষা ও চেতনা সমিতির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে কাওয়ালি, বাউল, জারি-সারি, ফকিরি, মুর্শিদি ও মারফতি গান পরিবেশিত হয়। এ ছাড়া ছৌ নাচের শিল্পীরা নৃত্য পরিবেশন করেন। আজ সকালে ধর্মতলার ভাষা উদ্যানের ভাষাস্মারকে শ্রদ্ধা নিবেদন করবেন দুই বাংলার শিল্পীরা। রাজ্য সরকারের উদ্যোগে একুশের ভাষা দিবসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। দেশপ্রিয় পার্কে তৈরি ভাষাস্মারকে শ্রদ্ধা জানাবেন সর্বস্তরের মানুষ। ভাষাশহীদ বরকতের জন্মস্থান মুর্শিদাবাদের বাবলা গ্রামেও শুরু হয়েছে তিন দিনের বরকত মেলা। বরকতের স্কুলেও আয়োজন করা হয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের। কলকাতায় বাংলাদেশ উপহাইকমিশনের উদ্যোগে পার্কসার্কাসে আজ সকালের পদযাত্রায় অংশ নেবেন সাহিত্যিক, শিল্পী ও বুদ্ধিজীবীরা। এরপর উপহাইকমিশন চত্বরে শহীদ মিনারে শ্রদ্ধা জানাবেন সাধারণ মানুষ। বিকেলে ভাষা নিয়ে অনুষ্ঠিত হবে আলোচনা চক্র। এদিকে ত্রিপুরা রাজ্যে এ বছর ‘ভাষা সম্মান’ দেওয়া হচ্ছে বাংলাদেশের সাহিত্যিক নুরুল হুদাকে। এ ছাড়া ত্রিপুরার কবি কল্যাণব্রত চক্রবর্তী ও আসামের কবি অনুরূপা বিশ্বাসকেও ‘ভাষা সম্মান’ দেওয়া হচ্ছে। আজ সন্ধ্যায় রাজ্যের রাজধানী আগরতলায় অনুষ্ঠিত ভাষা দিবসের অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মানিক সরকার তাঁদের সম্মানিত করবেন।