আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা
নানা কর্মসূচির মধ্য দিয়ে গতকাল শুক্রবার দেশের বিভিন্ন স্থানে আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারের বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারী/ আমি কি ভুলিতে পারি’ গানে মুখরিত হয়ে ওঠে শহীদ মিনার প্রাঙ্গণ। সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
আমাদের আঞ্চলিক কার্যালয় ও প্রতিনিধিদের পাঠানো খবর:
বরিশাল: দিবসের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সাংসদ শওকত হোসেন হিরন, তালুকদার মো. ইউনুস ও টিপু সুলতান। এরপর বিভাগীয় কমিশনার, বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, ডিআইজি, জেলা প্রশাসক এবং জেলা মুক্তিযোদ্ধা সংসদসহ বিভিন্ন সংগঠন শ্রদ্ধা নিবেদন করে। এ ছাড়া শহীদ মিনার প্রাঙ্গণে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি, শিশু একাডেমীর উদ্যোগে চিত্রাঙ্কন ও দেশাত্মবোধক গানের প্রতিযোগিতা, জেলা প্রশাসনের উদ্যোগে অশ্বিনীকুমার হলে আলোচনা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদের আয়োজনে কেন্দ্রীয় শহীদ মিনারে চলে আলোচনা, আবৃত্তি, সংগীতানুষ্ঠান, নৃত্য ও নাটক।
ফরিদপুর: শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়র পুষ্পার্ঘ্য অর্পণ করেন। এরপর বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়। এ ছাড়া কবি জসীমউদ্দীন হলে আলোচনা সভা ও ভাষাসৈনিক সংবর্ধনা এবং সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। জেলা পরিষদ চত্বরে তিন দিনব্যাপী বইমেলা উদ্বোধন করেন জেলা প্রশাসক।
পটুয়াখালী: পৌরসভা চত্বরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসকসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন, প্রতিষ্ঠানসহ সর্বস্তরের মানুষ শহীদ মিনারে ফুল দেয়। সকালে প্রথম আলো বন্ধুসভা পুষ্পস্তবক অর্পণ করে। মসজিদ, মন্দির, গির্জাসহ বিভিন্ন উপাসনালয়ে ভাষাশহীদদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করা হয়। শহরের শহীদ আলাউদ্দিন শিশুপার্কে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। সন্ধ্যায় সপ্তাহব্যাপী বইমেলা উদ্বোধন করা হয়।
চুয়াডাঙ্গা: জাতীয় সংসদের হুইপ ও চুয়াডাঙ্গা-১ আসনের সাংসদ সোলায়মান হক জোয়ার্দ্দার সরকারি কলেজ চত্বরে অবস্থিত কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দেন। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার ও পৌর মেয়রসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষাপ্রতিষ্ঠান পুষ্পমাল্য অর্পণ করে।
পিরোজপুর: রাত ১২টা ১ মিনিটে শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে পিরোজপুর-১ আসনের সাংসদ এ কে এম এ আউয়াল ফুল দেন। এরপর জেলা প্রশাসক, পুলিশ সুপার, জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, প্রেসক্লাব, উদীচী, বণিক সমিতি, স্বাচিপসহ বিভিন্ন সংগঠন পুষ্পস্তবক অর্পণ করে। সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
এছাড়া বাগেরহাট, মেহেরপুর ও রাজবাড়ীতে জেলা প্রশাসনসহ বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও প্রতিষ্ঠান শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণ করে। বাগেরহাটে প্রথম আলো বন্ধুসভা এ উপলক্ষে পাথেয় নামে একটি দেয়ালপত্রিকা প্রকাশ করে। রাজবাড়ী জেলা প্রশাসন শহরের শহীদ খুশি রেলওয়ে মাঠে ১৬ ফেব্রুয়ারি থেকে আট দিনব্যাপী বইমেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। মেহেরপুরের শহীদ শামসুজ্জোহা পার্কে তিন দিনব্যাপী বইমেলা শুরু হয়েছে।
একইভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানেও দিবসটি পালন করা হয়।