আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়কারীদের সম্মাননা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়কারীদের সম্মাননা দিয়েছে নৌ-পেশাজীবীদের সংগঠন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। গতকাল শনিবার দুপুরে নগরের আগ্রাবাদ হোটেলের কর্ণফুলী হলে এই সম্মাননা দেওয়া হয়।
সম্মাননা পাওয়া দুজন হলেন রফিকুল ইসলাম (মরণোত্তর) ও আবদুস সালাম। চট্টগ্রামের মেয়র আ জ ম নাছির উদ্দীনের হাত থেকে সম্মাননা স্মারক গ্রহণ করেন আবদুস সালাম এবং প্রয়াত রফিকুল ইসলামের পক্ষে তাঁর স্ত্রী বুলি ইসলাম। সভাপতিত্ব করেন বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ক্যাপ্টেন জিল্লুর রহমান ভুঁইঞা।
সম্মাননা পাওয়া মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও আবদুস সালাম একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ের জন্য সক্রিয় ভূমিকা পালন করেন। মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি আদায়ে অগ্রণী ভূমিকা পালনের জন্য তাঁরা স্বাধীনতা পদক পেয়েছেন। ১৯৯৮-৯৯ সালে মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ের জন্য তাঁরা কানাডা থেকে জনমত গড়ে তোলেন। ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেসকো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি প্রদান করে। ২০১৩ সালের ২০ নভেম্বর রফিকুল ইসলাম মারা যান। সম্মাননা পাওয়া আবদুস সালাম মেরিন একাডেমির নবম ব্যাচের ছাত্র।
অনুষ্ঠানে আবদুস সালাম বলেন, ‘এ দিবসের কারণে বিশ্বের অনেক প্রান্তিক ভাষা আবার উদ্বুদ্ধ হচ্ছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস শেখায় আমরা সংকীর্ণ হব না। প্রত্যেক ভাষাকে শ্রদ্ধা করতে হবে।’ তিনি বলেন, জাতিসংঘে ছয়টি অফিশিয়াল ভাষা আছে। অদূরভবিষ্যতে বাংলা ভাষা জাতিসংঘের সপ্তম অফিশিয়াল ভাষা হিসেবে স্বীকৃতি পাবে।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের স্বীকৃতি আদায়ে ‘মাদার ল্যাঙ্গুয়েজ লাভার্স অব দ্য ওয়ার্ল্ড’ নামক সংগঠন গঠনের কথা জানিয়ে আবদুস সালাম বলেন, ‘আমাদের কোনো অফিস ওয়েবসাইট ছিল না। নিজেদের বাসায় কম্পিউটারে বসে কাজ করেছি। আমরা দুজন মিলে কাজ করার সুযোগ পেয়েছিলাম। হাতে কোনো অস্ত্র নেই, তবু বিনা যুদ্ধে আমরা পৃথিবীর দৃষ্টি আকর্ষণ করতে পেরেছি।’
অনুষ্ঠানে সিটি মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেন, দেশপ্রেমের উপলব্ধি থেকে দুজনের প্রচেষ্টায় এত বড় কাজ হয়েছে। দেশের জন্য ভালোবাসা, অঙ্গীকার ও একাগ্রতা থাকলেই অনেক কিছু করা সম্ভব।
অনুষ্ঠানে বক্তব্য দেন সম্মাননা পাওয়া রফিকুল ইসলামের স্ত্রী বুলি ইসলাম, কমোডর শেখ আরিফ মাহমুদ, মেরিন একাডেমির কমান্ড্যান্ট সাজিদ হোসাইন, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ডের ব্যবস্থাপনা পরিচালক সাখাওয়াত হোসাইন, চট্টগ্রাম বন্দরের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ জাকারিয়া প্রমুখ।
অনুষ্ঠানে একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি বিষয়ে একটি তথ্যচিত্র দেখানো হয়।