জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনে রাষ্ট্রপতি
আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের বিশ্ববিদ্যালয় পিছিয়ে পড়ছে
রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান বলেছেন, বিশ্ববিদ্যালয় হলো প্রচলিত শিক্ষাব্যবস্থার সর্বোচ্চ স্তর। যেখানে শিক্ষার্থীরা নানা বিষয়ে উচ্চতর শিক্ষা ও গবেষণার সুযোগ পান। শিক্ষার উদ্দেশ্য হলো, নিজে আলোকিত হওয়া এবং অন্যকে আলোকিত করা। বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় মানসম্মত শিক্ষার বিকল্প নেই। কিন্তু শিক্ষার মান নিয়ে আজ নানা প্রশ্ন উঠছে। আন্তর্জাতিক মানদণ্ডে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো পিছিয়ে পড়ছে।গতকাল শনিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চতুর্থ সমাবর্তনে রাষ্ট্রপতি এসব কথা বলেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবুবকর সিদ্দিকের পরিচালনায় সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান। সমাবর্তন বক্তা হিসেবে বক্তৃতা করেন প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম। বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয় শহীদ মিনারের পাদদেশে রাষ্ট্রপতি সমাবর্তন শোভাযাত্রার উদ্বোধনের মধ্য দিয়ে সমাবর্তন অনুষ্ঠানের উদ্বোধন করেন। দুপুর ১২টার দিকে তিনি কেন্দ্রীয় খেলার মাঠে সমাবর্তনের মূল অনুষ্ঠানস্থলে উপস্থিত হন। মূল অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শরীফ এনামুল কবির, সমাবর্তন বক্তা প্রধান বিচারপতি মো. তাফাজ্জাল ইসলাম, সহ-উপাচার্য (শিক্ষা) মোহম্মদ মুনিরুজ্জামান, সহ-উপাচার্য (প্রশাসন) মো. ফরহাদ হোসেন, কোষাধ্যক্ষ মো. নাসির উদ্দিন, ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবুবকর সিদ্দিক ও চারটি অনুষদের ডিনরা। এ বছর সমাবর্তনে বিভিন্ন বিভাগের তিন হাজার ৮৭৪ জন গ্র্যাজুয়েট, ২২ জন এমফিল ও ৫৩ জন পিএইচডি ডিগ্রিধারীকে সনদপত্র এবং ১৬ জন কৃতী শিক্ষার্থীকে স্বর্ণপদক দেওয়া হয়। রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান তাঁর ভাষণে বলেন, বিশ্ববিদ্যালয় হচ্ছে উচ্চশিক্ষা ও গবেষণার সূতিকাগার। সমার্বতন কেবল একটি আনুষ্ঠানিকতা নয়, বরং সামনে এগিয়ে চলার দুরন্ত প্রেরণা। বিশ্ববিদ্যালয় অঙ্গন পুঁথিগতবিদ্যার সীমিত গণ্ডির মধ্যে আবদ্ধ নয়, বরং সৃজনশীলতা বিকাশের সেরা অঙ্গন। তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত তাঁদের মেধা, মনন ও কর্ম দিয়ে দেশ ও জনগণের সেবায় নিয়োজিত থাকা। এ ছাড়া তিনি শিক্ষার্থীদের কখনো অন্যায় ও অসত্যের কাছে মাথা নত না করার আহ্বান জানান।মো. তাফাজ্জাল ইসলাম বলেন, একটি দেশে জ্ঞান-বিজ্ঞানের আলোকশিখার বিচ্ছুরণ যত বেশি ঘটবে, সে দেশ ততই বিশ্বসভায় উন্নত শিরে দাঁড়াতে সক্ষম হবে; রাষ্ট্রব্যবস্থায় গণতন্ত্র চর্চা সুদৃঢ় হবে। আজকের এই ডিগ্রিধারীরা আগামী দিনের সুখী সমৃদ্ধিশালী বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নে নিবেদিতপ্রাণ হবে বলে তিনি আশা প্রকাশ করেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, গ্র্যাজুয়েটরা বর্তমান বিশ্বায়নের যুগে অসম প্রতিযোগিতায় টিকে থাকতে নব নব সৃজনশীল পথ উদ্ভাবন করবেন। বাংলাদেশের সর্বক্ষেত্রে সীমাবদ্ধতা থাকলেও অপার সম্ভাবনার দ্বার উন্মোচন করে তাঁরা দেশকে উন্নত শিরে দাঁড়াতে কাজ করবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।্রউপাচার্য শরীফ এনামুল কবির বলেন, জ্ঞানচর্চা ও সুষ্ঠু মেধা বিকাশের জন্য বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি শান্ত রাখা, আবাসন সমস্যা দূর করা ও বিভাগগুলোকে সেশনজটমুক্ত রাখার বিকল্প নেই। বর্তমান প্রশাসন এই সমস্যাগুলো সমাধানে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। সবশেষে বিকেল সাড়ে তিনটার দিকে সমাবর্তন প্যান্ডেলে আয়োজন করা হয় এক সাংস্কৃতিক অনুষ্ঠান।