আন্তর্জাতিক মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মতপ্রকাশের স্বাধীনতা নিশ্চিত করার ক্ষেত্রে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের কিছু কিছু অংশ আন্তর্জাতিক আইন ও মানদণ্ডের সঙ্গে সাংঘর্ষিক। এতে ডিজিটাল নিরাপত্তা সংস্থাকে ব্যাপক ক্ষমতা দেওয়া হলেও তা সরকারের নিয়ন্ত্রণে রাখা হয়েছে। আবার আইনটির অনেক বিধানই প্রচলিত দণ্ডবিধিতে রয়েছে। 

প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে কানাডাভিত্তিক অলাভজনক আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন সেন্টার ফর ল অ্যান্ড ডেমোক্রেসির বিশ্লেষণে এমন অনেক বিষয়ই উঠে এসেছে।
গত ২৯ জানুয়ারি মন্ত্রিসভা ডিজিটাল নিরাপত্তা বিল-২০১৭-এর খসড়ার অনুমোদন দেয়। চলতি মাসে বিলটি জাতীয় সংসদে উত্থাপনের পর তা যাচাই-বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট সংসদীয় স্থায়ী কমিটির কাছে পাঠানো হয়েছে। এই বিলে এমন বেশ কিছু বিষয় রয়েছে, যা মতপ্রকাশের স্বাধীনতা সীমিতকরণে ব্যবহৃত হতে পারে বলে আশঙ্কা রয়েছে। তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইন-২০০৬-এর ৫৭ ধারায় ২০১৩ সালে যে সংশোধনী আনা হয়েছে, সেগুলো প্রস্তাবিত বিলেও রাখা হয়েছে।
সেন্টার ফর ল অ্যান্ড ডেমোক্রেসির বিশ্লেষণে বলা হয়েছে, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে জাতিসংঘের মানবাধিকার কমিটি এবং ইন্টারন্যাশনাল কনভেন্যান্ট অন সিভিল অ্যান্ড পলিটিক্যাল রাইটসের (আইসিসিপিআর) সঙ্গে প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইন অনেক ক্ষেত্রেই সাংঘর্ষিক। ২০১১ সালে জাতিসংঘের মানবাধিকার কমিটিতে ১৭০টি দেশের অনুমোদনে যে ৩৪ নম্বর সাধারণ মন্তব্য গৃহীত হয়, তাতে বলা হয়েছে, ‘অনুচ্ছেদ-২ যে কোনো প্রকার মত ও তার ব্যাখ্যা প্রচারের সুরক্ষা দেয়...এগুলোর মধ্যে সব ধরনের অডিও-ভিজ্যুয়ালসহ ইলেকট্রনিক ও ইন্টারনেটভিত্তিক মত রয়েছে।’
কিন্তু প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনের ৮ (২) ধারায় বলা হয়েছে, আইনপ্রয়োগকারী সংস্থাগুলোর কাছে যদি প্রতীয়মান হয় যে ডিজিটাল প্ল্যাটফর্মে প্রকাশিত তথ্য ‘সংহতি, অর্থনৈতিক কর্মকাণ্ড, নিরাপত্তা, প্রতিরক্ষা, ধর্মীয় মূল্যবোধ বা জনশৃঙ্খলা ক্ষুণ্ন করে বা জাতিগত বিদ্বেষ ও ঘৃণার সঞ্চার করে’ তাহলে আইনপ্রয়োগকারী সংস্থা বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনকে (বিটিআরসি) ওই তথ্য আটকানোর অথবা সরিয়ে ফেলার অনুরোধ করতে পারে।
সেন্টার ফর ল অ্যান্ড ডেমোক্রেসির বিশ্লেষণে বলা হয়েছে, আইসিসিপিআরের ১৯ (৩) ধারায় স্বল্প কিছু ক্ষেত্রে মতপ্রকাশের স্বাধীনতার ওপর বিধিনিষেধ আরোপের সুযোগ রাখা হয়েছে। প্রস্তাবিত ডিজিটাল নিরাপত্তা আইনে আইনপ্রয়োগকারী সংস্থাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, তা ঠিক হয়নি। একই সঙ্গে ক্ষমতা প্রয়োগের প্রক্রিয়াটা কী, তা-ও এতে পরিষ্কার নয়। বিটিআরসি অভিযুক্ত তথ্য, না পুরো ওয়েবসাইট বন্ধ করে দেবে, তারও সুস্পষ্ট উল্লেখ নেই। ফলে পুলিশের জন্য কোনো সংবাদমাধ্যমের পুরো ওয়েবসাইট বন্ধ করে দিতে অনুরোধ জানানোর সুযোগ থেকে যায়।
২৯ ধারায় ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটের মাধ্যমে কোনো ব্যক্তির জন্য মানহানিকর বিবৃতি দেওয়া শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। প্রচলিত দণ্ডবিধির ৪৯৯ ধারায়ও ‘ভাষায় প্রকাশ করে অথবা পড়ার উদ্দেশ্যে অথবা প্রতীক বা দৃশ্যমান উপস্থাপনার’ মাধ্যমে বিবৃতি দেওয়াকে মানহানির চেষ্টার আওতায় পড়ে। এ ক্ষেত্রে দণ্ডবিধিতে উল্লেখ করা অপরাধের পরিসর এতটাই বিস্তৃত যে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ওয়েবসাইটও তার আওতায় চলে আসে। তারপরও নতুন করে কেন ২৯ ধারার প্রয়োজন পড়ল, তা নিয়ে প্রশ্ন উঠেছে বলে মন্তব্য করেছে সেন্টার ফর ল অ্যান্ড ডেমোক্রেসি। শুধু তা-ই নয়, দণ্ডবিধির ৪৯৯ ধারায় মানহানির যে শাস্তির বিধান রাখা হয়েছে, প্রস্তাবিত আইনের ২৯ ধারায় তা আরও কঠোর করা হয়েছে।
প্রস্তাবিত আইনের ধারা-৫-এ ডিজিটাল নিরাপত্তা সংস্থা গঠনের কথা বলা হয়েছে। এর কার্যক্রম পর্যবেক্ষণের জন্য জাতীয় ডিজিটাল নিরাপত্তা কাউন্সিল গঠনের কথা বলা হয়েছে আইনের ধারা-১২-তে। এর সভাপতি হবেন প্রধানমন্ত্রী। ডিজিটাল নিরাপত্তা সংস্থার অধীনে দুটি প্রতিষ্ঠান পরিচালিত হবে। এর একটি হলো ন্যাশনাল কম্পিউটার ইমার্জেন্সি রেসপন্স টিম, যার গঠনের কথা ধারা-৯-এ উল্লেখ করা হয়েছে। আর ধারা-১০-এ ডিজিটাল ফরেনসিক ল্যাব প্রতিষ্ঠার কথা বলা হয়েছে। ডিজিটাল নিরাপত্তা সংস্থার কর্মকাণ্ডের ক্ষেত্রে বলা হয়েছে, যেকোনো প্রকার তথ্যকে ‘ডিজিটাল নিরাপত্তার’ জন্য হুমকি মনে করলে এই সংস্থার মহাপরিচালক বিটিআরসিকে তা আটকানোর বা সরিয়ে ফেলার অনুরোধ করতে পারবেন। এ ক্ষেত্রে সংজ্ঞার পরিসর এত বিস্তৃত যে সংস্থাটির হাতে উল্লেখযোগ্য ক্ষমতা থাকবে। আর সরকারপ্রধান যেহেতু এই সংস্থার নজরদারি কাউন্সিলের সভাপতি থাকবেন, কাজেই এর স্বাধীন কর্মকাণ্ড নিয়েও প্রশ্ন রয়েছে। আন্তর্জাতিক মানদণ্ড অনুসারে এ ধরনের প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করার কথা। এ ছাড়া এই সংস্থার মহাপরিচালককে নিয়োগ দেবে সরকার।
বিশ্লেষণে সেন্টার ফর ল অ্যান্ড ডেমোক্রেসি বেশ কিছু সুপারিশ করেছে। এর মধ্যে অন্যতম হলো, প্রস্তাবিত আইনটি আবারও পর্যালোচনা এবং সংজ্ঞাগুলো সম্পাদনা করে সুনির্দিষ্ট করে তোলা; ৮ (২) ধারায় আইনপ্রয়োগকারী সংস্থাকে দেওয়া ক্ষমতাটি আদালতের মতো স্বাধীন কর্তৃপক্ষকে দেওয়া; ২১,২৫, ২৮ ও ২৯ ধারার অপসারণ এবং ৩১ ধারা হয় অপসারণ নতুবা এর ভাষা আরও সুস্পষ্ট করা; বিলে যে প্রতিষ্ঠান প্রতিষ্ঠার কথা বলা হয়েছে, হয় তা সরকারের নিয়ন্ত্রণের বাইরে থেকে স্বাধীনভাবে কাজ করার বিধান রাখা, নতুবা এর ক্ষমতা সীমিত করা ইত্যাদি।
এ ক্ষেত্রে উল্লেখ্য বিলের ২১ ধারায় বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধ অথবা স্বাধীনতাযুদ্ধের আদর্শ অথবা জাতির পিতার বিরুদ্ধে যেকোনো ডিজিটাল প্ল্যাটফর্মে প্রপাগান্ডা ও প্রচারণা বা তাতে মদদ দেওয়াকে শাস্তিযোগ্য অপরাধ হিসেবে উল্লেখ করা হয়েছে। এই অপরাধে অনধিক ১৪ বছরের কারাদণ্ড অথবা এক কোটি টাকা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রাখা হয়েছে। ২৫ নম্বর ধারায় ওয়েবসাইট বা অন্য ডিজিটাল প্ল্যাটফর্মে বেশ কিছু অপরাধের উল্লেখ করা হয়েছে, যার অন্যতম হলো ‘আক্রমণাত্মক বা ভীতিকর তথ্য’ প্রকাশ বা প্রচার, এমন তথ্য প্রকাশ, যা ব্যক্তিকে অসৎ বা নীতিভ্রষ্ট করতে পারে ইত্যাদি। ২৮ ধারায় ধর্মীয় মূল্যবোধ বা অনুভূতিতে আঘাত নিয়ে আলোচনা করা হয়েছে। এই ধারাটি জাতিসংঘের মানবাধিকার কমিটির ৩৪ নম্বর সাধারণ মন্তব্যের সঙ্গে সাংঘর্ষিক। আর ৩১ ধারায় শত্রুতা সৃষ্টিকারী, বিভিন্ন শ্রেণি বা সমাজের মধ্যে বিদ্বেষ সৃষ্টিকারী অথবা সাম্প্রদায়িক সম্প্রীতি ধ্বংসকারী অথবা উত্তেজনা বা বিশৃঙ্খলা সৃষ্টিকারী অথবা আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিকারী যেকোনো তথ্য ডিজিটাল মাধ্যমে ইচ্ছাকৃত প্রকাশকে অপরাধ হিসেবে চিহ্নিত করা হয়েছে।