আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ১৪ জন আটক
রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আন্তর্জাতিক মানব পাচারকারী চক্রের ১৫ জনকে আটকের দাবি করেছে র্যাব। এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব গতকাল বৃহস্পতিবার এ খবর জানায়।
র্যাব বলেছে, ওই ব্যক্তিরা জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তাঁরা বিমান, স্থল ও নৌপথের মাধ্যমে ভারত, লিবিয়া, মালয়েশিয়া, চীন, থাইল্যান্ড, মধ্যপ্রাচ্য, সিঙ্গাপুর, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, কানাডা, বলিভিয়া, মোজাম্বিক, নিউজিল্যান্ডসহ বেশ কয়েকটি দেশে মানুষ পাচার করে আসছেন। তাঁদের বৈধ কোনো কাগজপত্র নেই। তাঁরা সাধারণত সিলেট, মাদারীপুর, নোয়াখালী এবং ঢাকার আশপাশের জেলা থেকে স্থানীয় প্রতিনিধির মাধ্যমে কাজ চালান। তাঁদের সঙ্গে বিদেশি আন্তর্জাতিক মানব পাচার চক্রের যোগাযোগ আছে। ২ জানুয়ারি মো. নুরুল ইসলাম নামের এক ব্যক্তি র্যাব-৩-এ মানব পাচারকারী চক্রের বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বলেন, তাঁর ছোট বোনের স্বামী মো. সুমন এমন একটি চক্রের খপ্পরে পড়েছেন। তিনি ছোট বোনের স্বামীকে ছাড়িয়ে আনতে প্রথমে ৪ লাখ ৫০ হাজার টাকা পরিশোধও করেছেন। পরের দফায় ১ লাখ ২০ হাজার টাকা দেওয়ার সময় র্যাব বারিধারার একটি খাবার হোটেল থেকে ওই চক্রের লোকজনকে আটক করে।