আন্তর্জাতিক মানসম্পন্নভাবে যুদ্ধাপরাধীদের বিচার হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য্রও সংস্কৃতিমন্ত্রী আবুল কালাম আজাদ বলেছেন, আন্তর্জাতিক মানসম্পন্নভাবেই যুদ্ধাপরাধীদের বিচার করা হবে। আর এ কারণেই যুদ্ধাপরাধীদের বিচারে সময় লাগছে। তিনি বলেন, বিগত সরকারগুলো মুক্তিযুদ্ধের ইতিহাসকে বিকৃত করেছে। এই সরকার পাঠ্যবইয়ে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরেছে। গতকাল শুক্রবার দুপুরে নারায়ণগঞ্জের রূপগঞ্জের কাঞ্চনে ভারত চন্দ্র উচ্চবিদ্যালয় মাঠে বিজয়ের ৪০ বছর পূর্তিতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এসব কথা বলেন। পূর্বাচলভিত্তিক রিয়েল এস্টেট কোম্পানি আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আয়োজক কমিটির আহ্বায়ক কামালউদ্দিন আহমেদ। অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সাংসদ গোলাম দস্তগীর গাজী, জেলা পরিষদের প্রশাসক আবদুল হাই, রূপগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা কাউনাইন এবং সংবর্ধিত মুক্তিযোদ্ধাদের পক্ষে আল আমিন দুলাল প্রমুখ। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মনোজ কান্তি বড়াল, পুলিশ সুপার শেখ নাজমুল আলম প্রমুখ। মন্ত্রী আরও বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের সময় দেশের সাবেক প্রধানমন্ত্রী ও একজন মুক্তিযোদ্ধার স্ত্রী খালেদা জিয়া গোলাম আযম, মতিউর রহমান নিজামী, দেলাওয়ার হোসাইন সাঈদীকে যুদ্ধাপরাধী নয় বলে দাবি করেছেন। এটা অত্যন্ত দুঃখজনক বলে তিনি উল্লেখ করেন।