আন্তর্জাতিক রায়ের অপেক্ষায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় ভারতীয় হাইকমিশনার পঙ্কজ শরণ বলেছেন, সমুদ্রসীমা নিয়ে ভারত-বাংলাদেশের বিরোধের বিষয়টি এখন আন্তর্জাতিক আদালতে বিচারাধীন আছে। তাই এ বিষয়ে ভারত এখন আন্তর্জাতিক আদালতের রায়ের অপেক্ষায় আছে। গতকাল সোমবার রূপসী বাংলা হোটেলে মুক্তিযুদ্ধের বিদেশি বন্ধুদের সম্মানে আয়োজিত মধ্যাহ্নভোজ শেষে পঙ্কজ শরণ সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। পররাষ্ট্র মন্ত্রণালয় এই ভোজসভার আয়োজন করে। একই ভোজসভায় এর আগে একই বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন ভারতের প্রতিরক্ষা প্রতিমন্ত্রী এম মানগাপতি পাল্লাম রাজুকে। তিনিও বলেন, সমুদ্রসীমার বিরোধসংক্রান্ত বিষয়টি আন্তর্জাতিক আদালতে বিচারাধীন। এই বিচার-প্রক্রিয়ার প্রতি ভারতের পূর্ণ শ্রদ্ধা রয়েছে।মুক্তিযুদ্ধে অবদানের জন্য ভারতীয় মিত্রবাহিনীর পক্ষে সম্মাননা গ্রহণ করতে পাল্লাম রাজু বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য বাংলাদেশ মিত্রবাহিনীকে সম্মান দেখাচ্ছে, সে জন্য আমরা কৃতজ্ঞ।’ উপমহাদেশের সমস্যা সম্পর্কে পাল্লাম রাজু বলেন, সন্ত্রাস এ অঞ্চলের দেশগুলোর জন্য বড় চ্যালেঞ্জ। কিন্তু তার চেয়েও বড় চ্যালেঞ্জ অর্থনীতি।