আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সন্ধ্যাকালীন কোর্সের সিদ্ধান্ত বাতিলের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের একটি ‘বাণিজ্যিক প্রোগ্রাম’ বাতিলের দাবি জানিয়েছে কয়েকটি ছাত্রসংগঠন। গতকাল মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যানটিনে এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে বলা হয়, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে ‘প্রোফেশনাল মাস্টার্স ইন ইন্টারন্যাশনাল রিলেশনস (পিএমআইআর)’ নামে স্নাতকোত্তর কোর্স করানোর জন্য যে সন্ধ্যাকালীন নতুন প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, তা সম্পূর্ণ বাণিজ্যিক উদ্দেশ্যে।

প্রগতিশীল ছাত্রজোটের ব্যানারে আয়োজিত এই সংবাদ সম্মেলনে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের নেতারা উপস্থিত ছিলেন। লিখিত বক্তব্যে ছাত্রফ্রন্টের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ইভা মজুমদার বলেন, এই প্রোগ্রাম চালুর ফলে নিয়মিত শিক্ষার্থীদের কোনো সমস্যা তৈরি হবে কি না, তার তোয়াক্কা করছে না বিভাগটি। অন্যান্য বিভাগের ক্ষেত্রে অভিজ্ঞতা হচ্ছে, নিয়মিত কোর্সের চেয়ে বাণিজ্যিক কোর্সের দিকে মনোযোগ বেশি। এই কোর্স চালু হলে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগেও এর ব্যতিক্রম হবে না।