আন্তর্জাতিক সম্পর্কের সেই শিক্ষকের বিচার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতির বিচারের দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা। সভাপতির বিরুদ্ধে ওই বিভাগের এক শিক্ষিকাকে উত্ত্যক্ত করার অভিযোগে এক সংবাদ সম্মেলন করে তাঁরা এ বিচার দাবি করেন। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের সাংবাদিক সমিতির কার্যালয়ে ‘নিপীড়নের বিরুদ্ধে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ’-এর ব্যানারে এ সংবাদ সম্মেলন হয়। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ওই সভাপতির বিরুদ্ধে গত ১৫ এপ্রিল ভুক্তভোগী শিক্ষিকা প্রশাসনের কাছে লিখিত অভিযোগ করেন। হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী গঠিত বিশ্ববিদ্যালয়ে যৌন নিপীড়নবিরোধী সেলেও অভিযোগ করেছেন তিনি। গতকালের সংবাদ সম্মেলনে শিক্ষকেরা বলেন, গত এক বছরের বিভিন্ন সময়ে অভিযোগকারী শিক্ষিকাকে অশ্লীল মন্তব্য করে উত্ত্যক্ত করেছেন আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি। এ ব্যাপারে ভুক্তভোগী শিক্ষিকা অভিযোগ করার পর সভাপতিকে এক মাসের অর্জিত ছুটি দেওয়া হয়েছে। অভিযুক্ত শিক্ষককে সব ধরনের দায়িত্ব থেকে অব্যাহতি, অভিযোগ সেলের সব সদস্যের নিরপেক্ষ ভূমিকা পালন, দ্রুত সময়ের মধ্যে তদন্ত শেষ করে অপরাধীর বিচার, তদন্ত-প্রক্রিয়ার নানা পর্যায়ে অভিযোগকারীর জন্য সম্মানজনক পরিবেশ নিশ্চিত করা এবং তাঁর পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান শিক্ষকেরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসিম আখতার হোসাইন, আনু মুহাম্মদ, সাঈদ ফেরদৌস, মানস চৌধুরী, রায়হান রাইন, হিমেল বরকত, শামীমা সুলতানা, সোহানা বিলকিস, নাসরিন খন্দকার, রিবন খন্দকার প্রমুখ।