সম্প্রতি সাগরপথে মানব পাচার নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবস্থানের কঠোর নিন্দা জানিয়েছে মিয়ানমার। দেশটি বলেছে, গত মাসের শেষ সপ্তাহে নরওয়ে ও ব্যাংককে অনুষ্ঠিত আলোচনায় মিয়ানমারের একপেশে সমালোচনা সমস্যার সমাধান করবে না, বরং তা হিতে বিপরীত হবে।
মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তির বরাত দিয়ে গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার নামে দেশটির একটি দৈনিক গত রোববার এ খবর ছেপেছে। ওই খবরে বলা হয়, গত ২৬ মে নরওয়ের রাজধানী অসলোতে সাগরপথে মানব পাচার বন্ধের বিষয়ে আয়োজিত বৈঠকে বক্তব্য দেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ এবং দক্ষিণ আফ্রিকার আর্চ বিশপ ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী ডেসমন্ড টুটো। রাখাইন রাজ্যের দুই সম্প্রদায়ের মধ্যে আস্থা পুনঃপ্রতিষ্ঠা এবং দীর্ঘদিন ধরে সে দেশে বসবাসরত বাঙালিদের জাতীয়তা যাচাইয়ের পর তাদের নাগরিকত্ব দেওয়ার বিষয়ে মিয়ানমার সচেষ্ট রয়েছে। অথচ অসলোর বৈঠক এ বিষয়ে কোনো কথাই বলা হয়নি। এ অঞ্চলে নৌকায় করে যেসব মানুষ পাচার করা হচ্ছে, তাদের উদ্ধারের চেষ্টায় সহযোগিতার পাশাপাশি মানবিক সহায়তা দেওয়া হচ্ছে।
২৯ মে ব্যাংককে অনুষ্ঠিত বৈঠকের প্রসঙ্গ টেনে মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ওই বৈঠকে মিয়ানমার স্পষ্ট করেই বলেছে, কোনো এক দেশের দিকে অভিযোগের আঙুল না তুলে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে মানবিক ও উন্নয়নমূলক সহযোগিতা দেওয়াই অগ্রাধিকার হওয়া উচিত। এমন এক পরিস্থিতিতে মিয়ানমার মনে করে, সাগরপথে মানব পাচার রোধে যখন মানবিক সহায়তা জরুরি, তখন একপেশে দৃষ্টিভঙ্গি সমস্যার সমাধান মানবিক করবে না। তাই ‘ভারসাম্যহীন’ ও ‘একপেশে’ এসব মন্তব্য মিয়ানমার সরাসরি প্রত্যাখ্যান করছে।