আন্তর্জাতিক সম্প্রদায়কে সোচ্চার হওয়ার আহ্বান আসকের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের চলমান অমানবিক হামলা বন্ধের ব্যাপারে সোচ্চার হতে বিভিন্ন আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানিয়েছে আইন ও সালিশ কেন্দ্র (আসক)। আসক আশা করে, ইসরায়েল ও হামাস উভয় পক্ষ অবিলম্বে যুদ্ধ বন্ধ করে শান্তিপূর্ণ উপায়ে সমস্যা সমাধানের চেষ্টা করবে। জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায় এ সমস্যার স্থায়ী ও শান্তিপূর্ণ সমাধানে সক্রিয় ভূমিকা পালন করবে।
গতকাল বৃহস্পতিবার আসকের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা বলা হয়। গাজায় আশ্রয়কেন্দ্র, বাজারসহ বিভিন্ন স্থানে ইসরায়েলের অনবরত হামলা এবং হামলায় শত শত বেসামরিক ফিলিস্তিনি নাগরিক নিহত ও আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে আসক।
আসক বলেছে, দেশি-বিদেশি বিভিন্ন গণমাধ্যম সূত্রে জানা গেছে, ‘অপারেশন প্রটেক্টিভ এজ’ নামের অভিযানের মধ্য দিয়ে গত ৮ জুলাই থেকে ইসরায়েল গাজায় হামলা শুরু করে। হামলায় এ পর্যন্ত প্রায় এক হাজার ৩০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।
এদিকে ইসরায়েলের ‘নগ্ন আগ্রাসনের বিরুদ্ধে বিশ্ব বিবেক ও মানবতা জেগে উঠুক নরপশুদের প্রতিহত করতে’—এ আহ্বানে এবং ফিলিস্তিনের সাধারণ মানুষের জন্য সমবেদনা জানাতে কাল শনিবার মানববন্ধন কর্মসূচি পালন করবে দনিয়া সাংস্কৃতিক জোট। গতকাল সংগঠনের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলা হয়, শনিবার বেলা ১১টায় শনির আখরা বাসস্ট্যান্ডে (ফ্লাইওভারের ঢাল থেকে) কর্মসূচি শুরু হবে। বিজ্ঞপ্তি।