রাজধানীর কলাবাগানে জোড়া খুনের ঘটনায় কড়া নিন্দা জানিয়েছে জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ), যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন আন্তর্জাতিক মহল। এটিসহ সাম্প্রতিক সময়ে সংঘটিত সব চাঞ্চল্যকর খুনের ঘটনা যথাযথভাবে তদন্ত সাপেক্ষে জড়িত ব্যক্তিদের শাস্তি দেওয়ার আহ্বান জানিয়েছে তারা।
কলাবাগানে বাসায় ঢুকে গত সোমবার জুলহাজ মান্নান ও তাঁর বন্ধু মাহবুব তনয়কে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। জুলহাজ যুক্তরাষ্ট্রের সাহায্য সংস্থা ইউএসএআইডিতে কর্মরত ছিলেন। সমকামীদের অধিকারবিষয়ক সাময়িকী রূপবান-এর সম্পাদনার সঙ্গে যুক্ত ছিলেন তিনি। তনয় মঞ্চনাটকের সঙ্গে যুক্ত ছিলেন।
বাংলাদেশে জাতিসংঘের আবাসিক সমন্বয়কারীর কার্যালয়ের বিবৃতিতে বলা হয়, ভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশকারী ব্যক্তিদের বিরুদ্ধে আরেক দফা বর্বর হত্যাকাণ্ডের ঘটনায় তারা মর্মাহত। বিবৃতিতে আবাসিক সমন্বয়কারী রবার্ট ওয়াটকিনস বলেন, এ ধরনের সহিংস কর্মকাণ্ডে রাজনৈতিক ও ধর্মীয় নেতাকে নিন্দা জানাতে হবে। পাশাপাশি কার্যকর ও দ্রুততার সঙ্গে তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করতে হবে।
ইইউর ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, ইইউ আশা করে যে বাংলাদেশ সরকার একটি মৌলিক মানবাধিকার হিসেবে বাক্স্বাধীনতাকে নিশ্চিত করবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ওবামার কার্যালয় হোয়াইট হাউসের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে জাতীয় নিরাপত্তা পরিষদের (এনএসসি) মুখপাত্র নেড প্রাইস বলেন, ‘এই জঘন্য অপরাধের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার বিষয়টি নিশ্চিত করতে বাংলাদেশ সরকারের প্রতি আমরা আহ্বান জানাই।’ পৃথক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী জন কেরি বলেন, ‘এসব হত্যার তদন্তে এবং জড়িত ব্যক্তিদের বিচারের মুখোমুখি করার প্রচেষ্টায় আমরা পূর্ণ সহযোগিতা করব।’
বিবৃতিতে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এবং মার্কিন সিনেটের বৈদেশিক সম্পর্ক-বিষয়ক কমিটিতে থাকা ডেমোক্রেটিক দলের সিনেটর বেন কার্ডিন, হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের পরিচালক মিনাক্ষী গাঙ্গুলি, যুক্তরাজ্যের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুগো সয়্যার, ঢাকায় জার্মান রাষ্ট্রদূত থমাস প্রিঞ্জ ও ডেনমার্কের রাষ্ট্রদূত জ্যাকব হুগার্ড এই হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন।