যুদ্ধাপরাধের বিচারের নামে সরকার প্রতিহিংসা চরিতার্থ করেছে বলে অভিযোগ করেছে জামায়াতে ইসলামী। আর এই বিচারের নামে এ প্রহসনের ব্যাপারে উচ্চকণ্ঠ হওয়ায় হিউম্যান রাইটস ওয়াচসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে দলটি। গতকাল রোববার কূটনীতিকদের সম্মানে জামায়াত আয়োজিত ইফতার পার্টিতে এ কৃতজ্ঞতার কথা জানান দলটির কেন্দ্রীয় নায়েবে আমির এ কে এম নাজির আহমেদ। রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে ঢাকায় কর্মরত কূটনীতিকদের সম্মানে এ ইফতারের আয়োজন করা হয়। ইফতার পার্টিতে বক্তৃতায় জামায়াতের নেতা এ কে এম নাজির আহমেদ অভিযোগ করেন, জামায়াতের আমির ও সাবেক মন্ত্রী মতিউর রহমান নিজামীসহ সংগঠনের অন্য শীর্ষ নেতাদের মানবাধিকারবিরোধী কালো আইনে সরকার বন্দী করে রেখে তাঁদের ওপর নির্যাতন চালাচ্ছে। এমনকি জামায়াতের সাবেক আমির ৯০ বছর বয়স্ক গোলাম আযমও বন্দী অবস্থায় সরকারের অমানবিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি বলেন, ‘যুদ্ধাপরাধের বিচারের নামে বর্তমান প্রতিহিংসাপরায়ণ ও গণবিচ্ছিন্ন সরকার যেসব কার্যকলাপ করছে, তা আন্তর্জাতিক রীতিনীতির পরিপন্থী। এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা রাখার জন্য আমরা আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও বিশ্ব সম্প্রদায়কে ধন্যবাদ জানাচ্ছি।’জামায়াতের গতকালের ইফতার পার্টিতে নিমন্ত্রিতদের মাঝে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা, সৌদি রাষ্ট্রদূত আবদুল্লাহ বিন নাসের আল-বুসাইরি, পাকিস্তানের হাইকমিশনার মিয়া আফরাসিয়াব মেহেদি হাশমি কুরেশি, ইন্দোনেশিয়ার রাষ্ট্রদূত জেড মিরজাল জেইন উদ্দিন, তুরস্কের রাষ্ট্রদূত এম ভ্রারকুল অ্যারকুল ও সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রদূত খালাফান বাটাল আলী আল মানসুরী। এ ছাড়া রাশিয়া, জার্মানি, যুক্তরাজ্য, ফিলিস্তিন, জাপান, ভিয়েতনাম, ভারত, ভুটান, কানাডা, মিসর, মালদ্বীপ, ইরান, ভিয়েতনামের কূটনীতিকেরা অংশ নেন।জামায়াতের নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল আবদুর রাজ্জাক, মুজিবুর রহমান, মিয়া গোলাম পরওয়ার, মো. তাসনীম আলম প্রমুখ।