চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) ১৩টি দেশের অংশগ্রহণে তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হবে। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে এ সম্মেলন হচ্ছে।অনুষ্ঠানের প্রথম দিনে (২২ ডিসেম্বর) প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। সমাপনী দিনে (২৪ ডিসেম্বর) প্রধান অতিথি থাকবেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।আয়োজক সূত্রে জানা যায়, অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন থাকছে রোবট দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় দেশের নয়টি বিশ্ববিদ্যালয়ের ২৪টি দল অংশ নেবে। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে আটটি, বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে চারটি, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) থেকে তিনটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি (আইইউটি) থেকে চারটি দল অংশ নেবে। এ ছাড়া রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি), মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি), আহসানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এইউএসটি) ও চট্টগ্রামের প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটি করে দল অংশ নেবে।জানা যায়, তিন দিনব্যাপী এ সম্মেলনে ১৩টি দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৯টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। এ গবেষণাপত্রগুলোর মধ্যে বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে ৪৩টি এবং বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে ১১৬টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে।