চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) যন্ত্রকৌশল বিভাগ আয়োজিত তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন (আইসিএমইআরই) শেষ হয়েছে। নগরের একটি রেস্টুরেন্টে গতকাল শনিবার সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়েটের উপাচার্য শ্যামল কান্তি বিশ্বাস। সম্মেলন আয়োজন কমিটির সভাপতি ও চুয়েটের যন্ত্রকৌশল অনুষদের ডিন মো. তাজুল ইসলাম সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।অনুষ্ঠানে হাছান মাহমুদ বলেন, বৈশ্বিক নিত্যনতুন চ্যালেঞ্জ মোকাবিলার জন্য টেকসই প্রযুক্তির প্রয়োজন। তবে নতুন প্রযুক্তি মানেই সব সমস্যার সমাধান নয়। তিনি বলেন, এখন সময়োপযোগী প্রাযুক্তিনির্ভর ব্যবস্থা গড়ে এগিয়ে যাওয়ার সময় এসেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, সম্মেলনে যন্ত্রকৌশল ও নবায়নযোগ্য জ্বালানি শিক্ষা-গবেষণায় আধুনিক ও টেকসই প্রযুক্তির বিষয়ে ১৩টি দেশের বিশেষজ্ঞ, গবেষক ও শিক্ষকেরা তাঁদের গবেষণাপত্র উপস্থাপন ও পরবর্তী করণীয় নিয়ে আলোচনা করেন।