১০টি দেশের অংশগ্রহণে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) তিন দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন ২২ ডিসেম্বর থেকে শুরু হবে। চুয়েটের যন্ত্রকৌশল বিভাগের আয়োজনে অনুষ্ঠিত হচ্ছে এ সম্মেলন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আয়োজক সূত্র গতকাল জানায়, অনুষ্ঠানের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন রোবট দৌড় প্রতিযোগিতা। এ প্রতিযোগিতায় চারটি বিশ্ববিদ্যালয়ের ১০টি দল অংশ নেবে। এতে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) থেকে চারটি, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে চারটি, মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (এমআইএসটি) থেকে একটি ও প্রিমিয়ার বিশ্ববিদ্যালয় থেকে একটি দল অংশ নেবে। এ সম্মেলনে ১০ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ১৫৫টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। জাপান থেকে ১০টি, অস্ট্রেলিয়া থেকে আটটি, যুক্তরাষ্ট্র থেকে দুটি, দক্ষিণ কোরিয়া থেকে ছয়টি, মালয়েশিয়া থেকে ছয়টি, কানাডা থেকে দুটি, স্পেন থেকে একটি, ইতালি থেকে একটি, নেদারল্যান্ড থেকে একটিসহ বিদেশি বিশ্ববিদ্যালয় থেকে মোট ৩৭টি গবেষণাপত্র উপস্থাপন করা হবে। অনুষ্ঠানের অন্যান্য আয়োজনের মধ্যে থাকছে প্রকল্প প্রদর্শনী, পোস্টার প্রেজেন্টেশন, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানটির অনলাইন মিডিয়া পার্টনার হিসেবে থাকছে চুয়েটনিউজ২৪ (www.cuetnews24.com)।