বাংলাদেশে আইলা ক্ষতিগ্রস্ত এলাকা পুনর্গঠনে আন্তর্জাতিক সাহায্য পেতে সহায়তা করার আশ্বাস দিলেন বাংলাদেশ সফররত বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মহাপরিচালক মর্গারেট চ্যান। তিনি বলেন, বাংলাদেশের বড় শক্তি এ দেশের সাধারণ মানুষ। তাঁদের মেধা ও সরকারি উদ্যোগের মাধ্যমে আইলাসহ প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কাটিয়ে ওঠা সম্ভব।গত সোমবার যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন শেষে এক অনুষ্ঠানে মার্গারেট চ্যান এসব কথা বলেন। মহাপরিচালক চ্যান বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোনো অর্থসহায়তাকারী সংস্থা নয়; তবে বিভিন্ন দাতা সংস্থাকে স্বাস্থ্যসেবা খাতে অর্থ দেওয়ার জন্য উত্সাহিত করতে পারে এ সংস্থা। বাংলাদেশের জন্যও তাঁরা এ কাজ করবেন। চ্যান বলেন, বাংলাদেশ স্বাস্থ্যসেবা খাতে ভালো কাজ করছে।ডব্লিউএইচওর মহাপরিচালক উপজেলার নারায়ণপুর ইউনিয়নে হাজরাখানা কমিউনিটি ক্লিনিকও পরিদর্শন করেন। তিনি সেখানে সেবা গ্রহীতা ও স্থানীয় জনগণের সঙ্গে কথা বলেন। প্রত্যন্ত জনগোষ্ঠীর দোরগোড়ায় স্বাস্থ্য ও অন্যান্য প্রয়োজনীয় সেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে কমিউনিটি ক্লিনিককে একটি কার্যকর মাধ্যম হিসেবে উল্লেখ করেন মার্গারেট চ্যান। এরপর তিনি সাতক্ষীরার আশাশুনি উপজেলার কুড়িকাহুনিয়া লঞ্চঘাট থেকে স্পিডবোটে চড়ে ঘূর্ণিঝড় আইলায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন।