বইমেলা সমাগত। ব্যস্ততা বাংলা একাডেমি ও সোহরাওয়ার্দী উদ্যানে। চত্বরজুড়ে পেরেক-কাঠের ঠুকঠুক, ঠকাস ঠকাস আওয়াজ। সঙ্গে রঙের পোচ দিতে ব্রাশের খসখসে শব্দ। এটিই এখন বাংলা একাডেমির সারা দিনের ছবি।
প্রকাশকেরা স্টল বুঝে পেয়েছেন। এখন চলছে স্টলসজ্জার কাজ। হাতে আজ বাদে মাত্র তিন দিন। বরাবরের মতোই ১ ফেব্রুয়ারি শুরু হতে যাচ্ছে অমর একুশে গ্রন্থমেলা।
‘সম্প্রীতির জন্য সাহিত্য’ শীর্ষক আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন
এবার অমর একুশে গ্রন্থমেলার উদ্বোধনী দিনেই শুরু হবে ‘সম্প্রীতির জন্য সাহিত্য’ প্রতিপাদ্যে আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন। মেলার সঙ্গে বাংলা একাডেমির আয়োজনে এ সম্মেলনেরও উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সম্মেলনে দেশের ছয়জন বিশিষ্ট লেখক-বুদ্ধিজীবীকে ‘আন্তর্জাতিক সাহিত্য সম্মেলন লেখক সম্মাননা ২০১৭’ প্রদান করা হবে। সম্মেলনে জার্মানি, অস্ট্রিয়া, চীন, রাশিয়া, পুয়ের্তোরিকো ও ভারতের বিশিষ্ট-কবি-কথাসাহিত্যিক-প্রাবন্ধিক-বুদ্ধিজীবীরা বিভিন্ন অধিবেশনে অংশ নেবেন।
চার দিনের এই সম্মেলনের অধিবেশনের বিষয়বস্তুর মধ্যে থাকবে কবিতা, কথাসাহিত্য, প্রবন্ধ-সাহিত্য, মুক্তিযুদ্ধের সাহিত্য, অনুবাদ-সাহিত্য, নাট্যসাহিত্য, শিশু-কিশোর সাহিত্য ও ফোকলোর।
বিদেশি দর্শনার্থীদের বিশেষ নিরাপত্তাকর্মী
আগের তুলনায় এবার আরও কঠোর নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করা হয়েছে অমর একুশে গ্রন্থমেলা প্রাঙ্গণজুড়ে। তিন হাজার পুলিশ সদস্যের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উল্লেখযোগ্য সদস্যও থাকবেন নিরাপত্তায়। সেই সঙ্গে সাদাপোশাকে গোয়েন্দা সংস্থার দুই হাজার সদস্য মেলা প্রাঙ্গণের চারপাশে অবস্থান করবেন। মেলা প্রাঙ্গণ ও এর আশপাশের পুরো এলাকা থাকবে ক্লোজড সার্কিট ক্যামেরার আওতায়। মেলায় আসা বিদেশি দর্শনার্থীদের জন্য দেওয়া হবে বিশেষ নিরাপত্তাকর্মী।
জানা গেছে, গ্রন্থমেলায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের পক্ষ থেকে পাঁচটি ওয়াচ টাওয়ার থাকবে। মেলায় দর্শনার্থীদের প্রবেশপথে থাকছে ২২টি আর্চওয়ে। মাতৃভাষা দিবস, পয়লা ফাল্গুন, ভালোবাসা দিবস এবং ছুটির দিনগুলোতে যোগ হবে আরও দুটি বিশেষ আর্চওয়ে।
নজরুল মঞ্চে মোড়ক উন্মোচন নয়
এবারই প্রথম একাডেমির নজরুল মঞ্চে থাকছে না কোনো আয়োজন। নজরুল মঞ্চের পাশে গ্রন্থমেলার মূল মঞ্চে সাহিত্য-সাংস্কৃতিক আয়োজন থাকায় এবার নজরুল মঞ্চে বইয়ের মোড়ক উন্মোচন হবে না। এর জন্য সোহরাওয়ার্দী উদ্যানে বিশেষ একটি মঞ্চ তৈরি করা হবে।
মেলায় আসা দর্শনার্থীদের গাড়ি পার্কিং নিয়ে এখনো সিদ্ধান্ত হয়নি। ২৯ জানুয়ারি ডিএমপি কমিশনারের সঙ্গে বৈঠকের পর এ ব্যাপারে চূড়ান্ত নকশা প্রণয়ন করবে মেলা পরিচালনা কমিটি। এ ছাড়া মেলায় আসা ব্যক্তিদের জন্য থাকছে বিশেষ মেডিকেল টিম। বয়োবৃদ্ধদের জন্য থাকছে হুইলচেয়ার।
প্রস্তুতি দেখে সন্তুষ্ট সংশ্লিষ্ট দুই মন্ত্রী
প্রস্তুতি দেখতে গত বৃহস্পতিবার মেলা পরিদর্শনে আসেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। মেলার মাঠ পরিদর্শন করেন তাঁরা। স্টল নির্মাণ ও অন্যান্য কাজের খবরাখবর নেন। প্রস্তুতি দেখে তাঁরা সন্তোষ প্রকাশ করেন। মন্ত্রীদের কাছে জ্ঞান ও সৃজনশীল প্রকাশকেরা মেলায় প্রবেশের জন্য ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটের দিকের অংশেও যেন প্রবেশদ্বার থাকে এবং পার্কিংয়ের ব্যবস্থা রাখার অনুরোধ করেন।