আন্তর্জাতিক সীমানার জরিপের দায়িত্ব জরিপ অধিদপ্তরকে দেওয়ার সুপারিশ
বাংলাদেশের সঙ্গে ভারত ও মিয়ানমারের আন্তর্জাতিক সীমানা রেখার জরিপ ও মানচিত্র তৈরির দায়িত্ব জরিপ অধিদপ্তরকে দেওয়ার সুপারিশ করেছে প্রতিরক্ষা মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ মঙ্গলবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়।
বর্তমানে বাংলাদেশের সঙ্গে ভারতের মিজোরাম ও মিয়ানমারের সীমান্ত এলাকা জরিপ ও এর মানচিত্র তৈরি করে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন জরিপ অধিদপ্তর। সীমান্তের বাকি এলাকার জরিপ কাজ ও মানচিত্র তৈরি করে ভূমি মন্ত্রণালয়ের অধীন ভূমি জরিপ অধিদপ্তর।
বৈঠক শেষে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান প্রথম আলোকে বলেন, আন্তর্জাতিক সীমানা রেখার সঙ্গে দেশের প্রতিরক্ষার বিষয়টি সম্পর্কিত। এ জন্য আন্তর্জাতিক সীমানা নির্ধারণ, জরিপ ও এর মানচিত্র তৈরির কাজটি দুটি প্রতিষ্ঠানের কাছে থাকা যৌক্তিক নয়। প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্কের বিষয় হওয়ায় দায়িত্বটি জরিপ অধিদপ্তরের কাছে থাকাটাই যৌক্তিক।
বৈঠকে জরিপ অধিদপ্তরের পক্ষে জানানো হয়, ইতিমধ্যে বাংলাদেশ-মিয়ানমার ও বাংলাদেশ-ভারতের আন্তর্জাতিক সীমানার বাউন্ডারি স্ট্রিপ (একটি সীমানা পিলার থেকে অন্য পিলারের দূরত্ব) মানচিত্র ও সীমানা পিলারের স্থানাংক আধুনিকায়নের জন্য প্রতিরক্ষা মন্ত্রণালয়ে একটি প্রস্তাব পাঠানো হয়েছে। আরও জানানো হয়, জরিপের আন্তর্জাতিক মান বজায় রাখা এবং মানচিত্র তৈরির কাজকে আইনি ভিত্তি দিতে জরিপ অধিদপ্তর ‘জরিপ আইন ২০১৫’ এর খসড়া তৈরি করছে। অচিরেই এই খসড়া মন্ত্রণালয়ে পাঠানো হবে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা যায়, বৈঠকে আবহাওয়া অধিদপ্তর জানায়, ঝড় প্রকল্পের আওতায় ভারত সরকারের কাছ থেকে অনুদান হিসেবে পাওয়া ২৪টি স্বয়ংক্রিয় ওয়েদার সিস্টেম দেশের বিভিন্ন স্থানে বসানো হবে। এ ছাড়া দেশের ৩৫টি আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে স্বয়ংক্রিয় ওয়েদার স্টেশন স্থাপনের পরিকল্পনা রয়েছে।
সংসদ সচিবালয় থেকে জানানো হয়, সংসদীয় কমিটি ২৫ থেকে ৩১ জুলাই পর্যন্ত আইভরি কোস্ট ও কঙ্গোতে জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীর কর্মকাণ্ড সরেজমিনে পরিদর্শনের সিদ্ধান্ত নিয়েছে।
কমিটির সভাপতি সুবিদ আলী ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য মুহাম্মদ ফারুক খান, দীপু মনি, ইলিয়াস উদ্দিন মোল্লাহ ও হোসনে আরা বেগম অংশ নেন।
এ ছাড়াও উপস্থিত ছিলেন সেনা বাহিনীর প্রধান জেনারেল আবু বেলাল মো. সফিউল হক, নৌ বাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল এম ফরিদ হাবিব, বিমানবাহিনীর প্রধান এয়ার মার্শাল আবু এসরার প্রমুখ উপস্থিত ছিলেন।