আন্তর্জাতিক স্বীকৃতি পেল চট্টগ্রাম বিমানবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম শাহ আমানত বিমানবন্দর আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্বীকৃতি পেয়েছে। আজ বৃহস্পতিবার আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার পক্ষ থেকে এ স্বীকৃতি দেওয়া হয়।

চট্টগ্রাম বিমানবন্দরের ব্যবস্থাপক উইং কমান্ডার নূর-ই-আলমের হাতে আজ সকালে এই স্বীকৃতির সনদ তুলে দেন বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল সংস্থার চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মাহমুদ হোসেন। আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইকাও) পক্ষ থেকে তিনি এ সনদ তুলে দেন।

নতুন এ স্বীকৃতির ফলে বিশ্বমানের বিমানবন্দর হিসেবে চট্টগ্রাম বিমানবন্দরের ভাবমূর্তি বাড়বে। বেসরকারি বিমান সংস্থাগুলোর এখন এ বিমানবন্দর থেকে উড়োজাহাজের উড্ডয়ন কার্যক্রমে আগ্রহ বাড়বে। বিমানবন্দর সূত্র জানায়, ১৯৯৬ সালে বিমানবন্দরটিকে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে উন্নীত করতে উদ্যোগ নেওয়া হয়। এরপর ১৯৯৮ থেকে ২০০০ সাল পর্যন্ত সংস্কার কার্যক্রমের মাধ্যমে নতুন রূপ দেওয়া হয় এটিকে। ২০০১ সালের অক্টোবরে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে যাত্রা শুরু করে শাহ আমানত। কিন্তু আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে সব শর্ত পূরণ না করায় এত দিন স্বীকৃতি মেলেনি।

বিমানবন্দর সূত্র জানায়, সম্প্রতি আইকাও স্থানীয় প্রতিনিধি হিসেবে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল সরেজমিন শাহ আমানত বিমানবন্দর পর্যবেক্ষণ করে একটি মূল্যায়ন প্রতিবেদন জমা দেয়। প্রতিবেদনের ভিত্তিতে এই স্বীকৃতি দেওয়া হয়।