আন্তর্জাতিকভাবে চাপ দেওয়া হচ্ছে: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফিরিয়ে নেওয়ার জন্য আন্তর্জাতিকভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে। পাশাপাশি রোহিঙ্গাদের সহযোগিতাও করা হচ্ছে। তবে, এক দেশের জনগণ অন্য দেশে রিফিউজি হয়ে থাকলে সেটা সেই দেশের জন্য যে সম্মানজনক নয়, এটা মিয়ানমারকে বুঝতে হবে বলেও মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী।

গণভবনে গতকাল বৃহস্পতিবার রাতে আওয়ামী লীগের কার্যনির্বাহী সংসদের সভায় সভাপতিত্বকালে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মিয়ানমারের শরণার্থী প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘সেই ’৭৮ সাল থেকে আমাদের দেশে রিফিউজি ঢুকছে। আমাদের রেজিস্টারে যা আছে, আন–রেজিস্টার্ড তার থেকে অনেক বেশি। শিশু-নারীরা যেভাবে আসছে, যেভাবে মারা যাচ্ছে, তাতেই কষ্টটা বেশি লাগছে। সহায়–সম্বল হারিয়ে মানুষজন আসছে এবং আমরাও চেষ্টা করছি তাদের সহযোগিতা করার।’ তিনি আরও বলেন, ‘সেই সাথে আমরা মিয়ানমার সরকারের ওপরও চাপ দিচ্ছি, যেন তারা তাদের দেশের মানুষ, যারা আমাদের দেশে আছে তাদের ফিরিয়ে নিয়ে যায়। আজ যারা আমাদের দেশে এসে আশ্রয় চাচ্ছে, মিয়ানমারের উচিত তাদের ফিরিয়ে নেওয়া ও নিরাপত্তা দেওয়া এবং তাদের জীবন-জীবিকার ব্যবস্থা করা।’

আগামী নির্বাচন অবশ্যই অবাধ ও নিরপেক্ষ হবে

আগামী নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ এবং যথাসময়ে অনুষ্ঠিত হবে উল্লেখ করে অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, জনগণের ভোটের অধিকার নিয়ে আর কাউকে ছিনিমিনি খেলতে দেওয়া হবে না।

আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীনভাবেই নির্বাচন পরিচালনা করবে। আমরা সেটা নিশ্চিত করব। এটা নিয়ে অহেতুক পানি ঘোলা করার চেষ্টা করা, আর সংবিধান লঙ্ঘন করে অন্য কিছু করার কোনো সুযোগ নেই।’

নির্বাচনকে প্রভাবিত করার রাজনীতি বিএনপির হাত ধরেই শুরু হয়েছে উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, ‘মানুষের ভোটের অধিকার কেড়ে নেওয়া শুরুই করেছে বিএনপি, যখন জিয়া পঁচাত্তরের ১৫ আগস্ট বঙ্গবন্ধু হত্যার পর অবৈধভাবে অস্ত্র হাতে নিয়ে ক্ষমতা দখল করে নিজেকে রাষ্ট্রপতি ঘোষণা করে।’

নির্বাচন কমিশনের ক্ষমতায়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, ‘আমরা বাজেটে বরাদ্দ দিয়ে দেই, তারা (নির্বাচন কমিশন) তাদের টাকা খরচ করে। সেখানে তাদের সরকারের মুখাপেক্ষী হতে হয় না। নির্বাচন চলাকালে প্রশাসন এবং সবকিছু তাদের (নির্বাচন কমিশন) হাতে থাকে।’

প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক জানান, সূচনা বক্তব্যের পর কার্যনির্বাহী সংসদের রুদ্ধদ্বার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে উপস্থিত একাধিক নেতা পরে জানান, বৈঠকে সাংগঠনিক সম্পাদকেরা নিজ নিজ দায়িত্বপ্রাপ্ত বিভাগের সাংগঠনিক অবস্থা তুলে ধরেন। রংপুরে মহিলা আওয়ামী লীগ ও সুনামগঞ্জে আওয়ামী লীগের কমিটি নিয়ে সমস্যার কথা উঠে এসেছে। প্রায় সব সাংগঠনিক সম্পাদক বলেছেন, দলের জনপ্রিয়তা ভালো। তবে একেক আসনে ১০-১২ জন করে সম্ভাব্য প্রার্থী তৎপর। ঠিকভাবে গুছিয়ে নিতে পারলে নির্বাচনে জয়ী হওয়া সমস্যা হবে না।

জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, বেশি প্রার্থী থাকলে অসুবিধা নেই। তাঁরা মনোনয়ন বোর্ডে সাক্ষাৎকার দিতে আসবেন। এতে তাঁরা নিজে এবং তৃণমূলের কর্মীরা চাঙা থাকবেন।