নীলফামারীতে বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী এবং বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় সভাপতি রাশেদ খান মেনন বলেছেন, বাংলাদেশ তিস্তা নদীর পানি চায়। কেবল লংমার্চ করলেই হবে না, ভারত না দিলে প্রয়োজনে আন্তর্জাতিকভাবে তিস্তার ইস্যুটি তুলে ধরতে হবে।
গতকাল শনিবার দুপুরে নীলফামারী শিল্পকলা একাডেমী মিলনায়তনে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি নীলফামারী জেলা সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাশেদ খান মেনন এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, তিস্তা নদীতে পানি নেই, তিস্তা সেচ প্রকল্প পানির অভাবে বন্ধ হয়ে গেছে, ৬০ হাজার হেক্টর জমি সেচের অভাবে ফেটে চৌচির।
রাশেদ খান মেনন আরও বলেন, ভারতের সঙ্গে বাংলাদেশের সুসম্পর্ক আছে।
ওয়ার্কার্স পার্টির নীলফামারী জেলা সাধারণ সম্পাদক কমরেড তপন কুমার রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ওয়ার্কার্স পার্টির পলিটব্যুরোর সদস্য কমরেড মাহমুদুল হাসান মানিক, কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড নূর মোহাম্মদ খান, ওয়ার্কার্স পার্টির দিনাজপুর জেলা সাধারণ সম্পাদক হবিবর রহমান, নীলফামারী জেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহিদ মাহমুদ প্রমুখ।