রাজধানীর যানজট দূর করা বিষয়ক এক সংলাপ অনুষ্ঠানে বক্তারা নিয়ন্ত্রণকারী বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয়, ঢাকার বাইরে থেকে জনগণের আগমন কমানো এবং নগরবাসীকে ট্রাফিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেন, যানজট কমানো এখন খুবই জরুরি। কারণ নগরের তীব্র যানজটের নেতিবাচক প্রভাব পড়ছে দেশীয় বিনিয়োগের ওপর।গতকাল বুধবার নগরের প্ল্যানার্স টাওয়ারে সাপ্তাহিক কাগজ আয়োজিত ‘রাজধানীর যানজট: মুক্তির উপায় কী?’ শীর্ষক এই নাগরিক সংলাপে বক্তারা যানজট নিরসনের ওপর আরও বেশি আন্তরিক হওয়ার জন্য সরকারের দায়িত্বশীলদের প্রতিও আহ্বান জানান। উপস্থিত আলোচকেরা সংলাপের মূল কথা সুপারিশ আকারে প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠানোর পরামর্শ দেন।অনুষ্ঠানের সভাপতি সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সৈয়দ মঞ্জুর এলাহী বলেন, যানজট রাজধানীর নতুন কোনো সমস্যা নয়। সবাই প্রতিদিন এই সমস্যার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কিন্তু যানজট দূর করার জন্য কোনো সঠিক পদক্ষেপ নেওয়া হচ্ছে না। এতে করে দেশের বিনিয়োগের ওপর নেতিবাচক প্রভাব পড়ছে। কেবল বিদেশি নয়, দেশি বিনিয়োগও হুমকির মুখে পড়ছে। যানজট মোকাবিলার জন্য সরকারের সমন্বয়হীনতা ও আন্তরিকতার অভাব রয়েছে।আবাসন কোম্পানি শেলটেকের ব্যবস্থাপনা পরিচালক তৌফিক এম সেরাজ বলেন, ঢাকা সিটি করপোরেশন, পুলিশের ট্রাফিক বিভাগসহ রাজধানীর যানজট নিয়ন্ত্রণকারী সংস্থাগুলোর মধ্যে সমন্বয় প্রায় নেই বললেই চলে। এক সংস্থা আরেক সংস্থার দিকে চেয়ে থাকে। যত দিন এদের মধ্যে বাস্তবসম্মত সমন্বয় না ঘটবে, তত দিনে যানজট দূর হবে না।ঢাকা বিশ্ববিদ্যালয়ের জনসংখ্যা বিজ্ঞান বিভাগের অধ্যাপক এ কে এম নুরুন্নবী বলেন, ঢাকার জনসংখ্যা নিয়ন্ত্রণ খুবই প্রয়োজন। কর্মসংস্থানের আশায় দেশের চারদিক থেকে প্রতিদিন প্রচুরসংখ্যক মানুষ ঢাকায় আসে। যানবাহনের আধিক্যও বাড়ছে। জন-আধিক্য রোধ করতে না পারলে যানজট আরও মারাত্মক হারে বাড়বে।স্বরাষ্ট্র মন্ত্রণালয়বিষয়ক সংসদীয় কমিটির সদস্য ঢাকার আওয়ামী লীগের সাংসদ সানজিদা খানম বলেন, ‘এটা খুবই সত্য যে বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় কম থাকা বা জন-আধিক্যের কারণে যানজট বাড়ে। কিন্তু বর্তমানে রাজধানীর অনেক পয়েন্টে যানজট নিয়ন্ত্রণে এসেছে—এটাও দেখতে হবে। আগে অনেক সড়কে গাড়িই ঢুকতে পারত না। আগের সরকারগুলো যানজট নিয়ন্ত্রণে তেমন কোনো উদ্যোগ নেয়নি। বর্তমান সরকার সেই উদ্যোগ নিয়েছে। সামনে যানজট নিয়ন্ত্রণে আসবে।’সংলাপ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্ল্যানার্সের সভাপতি গোলাম রহমান, পুলিশের (ট্রাফিক) উপপরিদর্শক একরামুল হাবিব, দৈনিক আমাদের অর্থনীতির ভারপ্রাপ্ত সম্পাদক আবিদ রহমান, বাংলাদেশ সড়ক পরিবহন সমিতির সহসভাপতি আবুল কালাম প্রমুখ বক্তব্য দেন।