আন্তস্কুল বিপণন প্রতিযোগিতা 'ব্র্যান্ডউইটজ-২০১৪'-এর উদ্বোধন

প্রাতিষ্ঠানিক জ্ঞান ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের উদ্দেশে্য ষষ্ঠবারের মতো শুরু হয়েছে আন্তস্কুল বিপণন প্রতিযোগিতা ‘ব্র্যান্ডউইটজ-২০১৪’। ২০০৮ সাল থেকে শুরু হওয়া এই প্রতিযোগিতার প্রতিবারের মতো এবারও আয়োজক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) কমিউনিকেশন ক্লাব ‘আইবিএসিসি’।
গতকাল বুধবার আইবিএ মিলনায়তনে প্রতিযোগিতার উদ্বোধন ঘোষণা করেন আইবিএর পরিচালক অধ্যাপক ইকবাল আহমেদ। তিনি বলেন, এই প্রতিযোগিতার মাধ্যমে দেশ কিছু ভবিষ্যৎ নেতা পাবে, যারা দেশের মানুষকে স্বপ্ন দেখাবে। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোম্বে সুইটসের উপদেষ্টা নুরুজ্জামান ভূইয়া, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম এবং আইবিএ কমিউনিকেশন ক্লাবের মডারেটর সুতপা ভট্টাচার্য।
আব্দুল কাইয়ুম বলেন, প্রথম আলো সব সময়ই একধরনের প্রতিযোগিতাকে পৃষ্ঠপোষকতা করে। গণিত অলিম্পিয়াড ও ভাষা প্রতিযোগ প্রতিযোগিতা দুটি বর্তমানে দেশের সফল প্রতিযোগিতা। তিনি আশা প্রকাশ করেন, ব্র্যান্ডউইটজ একসময় দেশের গণ্ডি পেরিয়ে আন্তর্জাতিক পর্যায়েও প্রসারিত হবে।
সুতপা ভট্টাচার্য বলেন, বাংলাদেশের সবচেয়ে মর্যাদাপূর্ণ এই প্রতিযোগিতা শুরু থেকেই শিক্ষার্থীদের সামর্থ্য ও প্রতিভা প্রকাশের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসেবে কাজ করে আসছে।
ব্র্যান্ডউইটজ বাংলাদেশের সবচেয়ে বড় বিপণন প্রতিযোগিতা দাবি করে আইবিএ কমিউনিকেশন ক্লাবের সভাপতি তায়াবুর রহমান বলেন, এ বছর ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও খুলনার ২২টি বিশ্ববিদ্যালয়ের ৪২টি দল প্রতিযোগিতায় অংশ নিচ্ছে। আগস্ট মাসজুড়ে চলা এ প্রতিযোগিতা সর্বমোট চারটি ধাপে অনুষ্ঠিত হবে। বিজয়ী নির্ধারণী চতুর্থ ধাপ অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট হোটেল রেডিসন ওয়াটার গার্ডেনে। বিজয়ী দলকে এক লাখ ৫০ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে।
প্রতিযোগিতার প্রধান পৃষ্ঠপোষক বোম্বে সুইটস এবং সহযোগী পৃষ্ঠপোষক প্রথম আলো। মিডিয়া সহযোগী চ্যানেল আই ও এফএম সহযোগী এবিসি রেডিও।