আন্দামানে উদ্ধার হওয়া আরও ১৮ বাংলাদেশিকে দেশে ফেরত
ভারতের আন্দামান ও নিকোবর রাজ্যের সমুদ্রসীমা থেকে দুই বছর আগে উদ্ধার হওয়া বাংলাদেশি নাগরিকদের মধ্যে আরও ১৮ জনকে গতকাল বৃহস্পতিবার বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। গত ডিসেম্বরে উদ্ধার হওয়া ব্যক্তিদের পরিচয় যাচাই করে কলকাতা উপহাইকমিশনের প্রথম সচিব আবুল হাসান মৃধা তদন্ত প্রতিবেদন দেন। এর পরিপ্রেক্ষিতেই সাম্প্রতিক পদক্ষেপটি নেওয়া হলো।গত ২০০৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ ও মিয়ানমারের চার শতাধিক নাগরিক দালালদের মাধ্যমে মালয়েশিয়ার উদ্দেশে কক্সবাজার থেকে নৌপথে রওনা হন। কিন্তু পথে তাঁরা প্রথমে ধরা পড়েন থাইল্যান্ডের নৌবাহিনীর হাতে। কিছুদিন আটক রাখার পর থাই সরকার তাঁদের আবার নৌকায় তুলে দেয়। পরে গভীর সমুদ্রে দিগ্ভ্রান্ত হয়ে আন্দামান উপকূলের দিকে এলে ভারতীয় উপকূলরক্ষী তাঁদের উদ্ধার করেন। পোর্টব্লেয়ারের একটি আশ্রয়শিবিরে তাঁদের রাখা হয়। এর মধ্যে ২০০৯ সালের ১ মার্চ ৪৯ জনকে এবং পরে গত বছরের ২৪ আগস্ট আরও ১৭৫ জনকে বাংলাদেশেকে পাঠায় ভারতীয় কর্তৃপক্ষ। পরে জানা যায়, বাংলাদেশে ফেরত পাঠানো ওই ব্যক্তিদের মধ্যে মিয়ানমারের কিছু রোহিঙ্গা শরণার্থীও ছিলেন।