আন্দামানে উদ্ধার ১৮৯ বাংলাদেশিকে দেশে পাঠানোর উদ্যোগ
আন্দামানে আটকে থাকা ১৮৯ জন বাংলোদেশিকে দেশে ফেরত পাঠানোর উদ্যোগ নিয়েছে কলকাতার বাংলাদেশ ডেপুটি হাইকমিশন। ডেপুটি হাইকমিশনের প্রথম সচিব আবুল হাসান মৃধা আটক ওই ব্যক্তিদের খোঁজখবর নিতে ইতিমধ্যে আন্দামান ও নিকোবরের রাজধানী পোর্ট ব্লেয়ারে সফর করেছেন।আবুল হাসান মৃধা পোর্ট ব্লেয়ারের বিশেষ শিবিরে আশ্রয় নেওয়া ওই ১৮৯ ব্যক্তির ঠিকানা সংগ্রহ করেন এবং তাদের সঙ্গে কথা বলে তাদের নাগরিকত্ব সম্পর্কে খোঁজখবর নেন। তিনি প্রথম আলোকে জানান, ওই ব্যক্তিদের বাড়ি মূলত চট্টগ্রাম ও কক্সবাজার জেলায়।উল্লেখ্য, আটক এই ব্যক্তিরা গত ২০০৮ সালের ডিসেম্বর মাসের দিকে কক্সবাজার থেকে নৌকাযোগে মালয়েশিয়া যাওয়ার সময় থাইল্যান্ডের নৌবাহিনীর হাতে ধরা পড়ে। কিছু দিন আটকে রাখার পর থাইল্যান্ডের নৌবাহিনী এদের নৌকায় তুলে গভীর সমুদ্রে ছেড়ে দেয়। পরে আন্দামান উপকূলের কাছে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী তাদের উদ্ধার করে। তখন থেকেই এই ব্যক্তিরা সেখানকার একটি শিবিরে দিন কাটাচ্ছে। ইতিমধ্যে দুই দফায় এভাবে উদ্ধার হওয়া ২২৪ জনকে বাংলাদেশে ফেরত পাঠানো হয়েছে। কলকাতায় বাংলাদেশের উপ-হাইকমিশনার মো. মোস্তাফিজুর রহমান জানান, ওই ১৮৯ ব্যক্তির ঠিকানা সংগ্রহ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য ঢাকায় পাঠানো হচ্ছে। নাগরিকত্ব সম্পর্কে নিশ্চিত হয়ে তাদের বাংলাদেশে ফেরত নেওয়ার ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।