আন্দামানে বন্দী ১৮৯ বাংলাদেশিকে ফিরিয়ে আনতে ধীরগতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সমুদ্রপথে ট্রলারযোগে মালয়েশিয়া যাওয়ার সময় ভারতীয় নিরাপত্তা বাহিনীর হাতে আটক হয়ে আন্দামান কারাগারে মানবেতর জীবন যাপন করছেন ১৮৯ বাংলাদেশি। দীর্ঘদিনেও তাঁদের ফিরিয়ে আনার কোনো ব্যবস্থা না করায় স্বজনেরা দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন। স্বজনদের অভিযোগ, তাঁদের ফিরিয়ে আনতে সরকারের তৎপরতা নেই।টেকনাফ পৌরসভার ইসলামাবাদ গ্রামের মো. জাফরের স্ত্রী লায়লা বেগম বলেন, ‘আমার স্বামী দুই বছর আগে নৌপথে বিদেশ যাওয়ার সময় ভারতে ধরা পড়েন। দেশে ফিরে না আসায় তিন সন্তান নিয়ে দুর্ভোগে আছি।’ একই গ্রামের মো. তৈয়বের ছোট ভাই মো. সাদেক বলেন, ‘আমরা দুই ভাই একসঙ্গে বিদেশ যাওয়ার পথে ধরা পড়ি। আমি ফিরতে পারলেও ভাই এখনো আসতে পারেননি। আমাদের শোকে বাবাও মারা গেছেন।’রঙ্গিখালী গ্রামের মো. জামাল আটক আছেন। তাঁর ছোট ভাই কামাল (১২) সপ্তম শ্রেণীর ছাত্র। বাবা মারা গেছেন আগেই। পাঁচ সদস্যের পরিবারে উপার্জনক্ষম কেউ না থাকায় কামাল রিকশা চালিয়ে পরিবারের জন্য কিছু রোজগার করে।কক্সবাজার ও টেকনাফ থানা পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ২৫ জানুয়ারি বাংলাদেশ থেকে সমুদ্রপথ পাড়ি দিয়ে মালয়েশিয়া যাওয়ার সময় ৫১৩ জন থাইল্যান্ডে নৌবাহিনীর হাতে ধরা পড়েন। পরে নৌবাহিনীর সদস্যরা আটক ব্যক্তিদের ইঞ্জিনবিহীন চারটি ট্রলারে তুলে গভীর সাগরে ভাসিয়ে দেন। সেখানে খাদ্যের অভাবে ১০০ জন মারা যান। বাকি ৪১৩ জন ট্রলারে ভাসতে ভাসতে ভারতের আন্দামান দ্বীপের কাছে চলে আসেন। এ সময় আন্দামান নৌবাহিনী তাঁদের আটক করে কারাগারে পাঠায়।এর মধ্য থেকে ২০০৯ সালের ২ মার্চ ৪৯ জনকে রেড ক্রিসেন্ট সোসাইটির মাধ্যমে দেশে ফিরিয়ে আনা হয়। তাঁরা সবাই টেকনাফ উপজেলার বিভিন্ন গ্রামের বাসিন্দা। ২০০৯ সালের ২৫ আগস্ট দ্বিতীয় দফায় আরও ১৭৫ জনকে ফেরত আনা হয়। কিন্তু আন্দামান কারাগারে আটকে পড়া বাকি ১৮৯ জনকে এখনো ফিরিয়ে আনা সম্ভব হয়নি।টেকনাফ থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) রনজিত কুমার বড়ুয়া প্রথম আলোকে বলেন, ‘স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আন্দামানে আটকে থাকা ১৮৯ জনের একটি তালিকা আমরা পেয়েছি। তাঁদের পরিচয় নিশ্চিত হতে তথ্য যাচাই-বাছাই করতে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে।’টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ ন ম নাজিম উদ্দিন প্রথম আলোকে বলেন, টেকনাফের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সাগরপথে মালয়েশিয়া যাওয়ার সময় ভারতের কারাগারে আটক বাংলাদেশি নাগরিকদের স্বজনেরা প্রতিনিয়ত ভিড় জমাচ্ছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ রেড ক্রিসেন্ট সোসাইটি অফিসে নাগরিকত্ব সনদ ও জাতীয় পরিচয়পত্রসহ যাবতীয় কাগজ জমা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির ঢাকার অনুসন্ধান বিভাগের উপপরিচালক ও ইনচার্জ মনোয়ারা সরকার বলেন, ‘দীর্ঘদিন ধরে ভারতের আন্দামান কারাগারে আটকে পড়া বাংলাদেশি নাগরিকদের লিখিত বার্তা তাঁদের স্বজনদের কাছে আদান-প্রদানের মাধ্যমে সহযোগিতা দিয়ে আসছিলাম এবং তাঁদের পরিবারের পক্ষ থেকে আটকে পড়া ব্যক্তিদের ফিরিয়ে আনার জন্য ১৮৯ জনের একটি তালিকা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে সরকারের কাছে দেওয়া হয়েছে। এখন দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে জরুরি বৈঠক করে আটকে পড়া বাংলাদেশিদের ফিরিয়ে আনা সম্ভব।’