আন্দারোল। নিখাদ একটি গ্রাম। ‘পাখিডাকা, ছায়াঢাকা’ এই গ্রামটি পড়েছে নবগঠিত গাজীপুর সিটি করপোরেশনের ৫২ নম্বর ওয়ার্ডে। ১৯৭৪ সালে টঙ্গী পৌরসভা গঠন হওয়ার সময় থেকে আন্দারোল ছিল ১ নম্বর ওয়ার্ডে। তবে পৌর সুবিধা পাওয়ার দিক দিয়ে ছিল সবচেয়ে পিছিয়ে। সিটি করপোরেশন নির্বাচন সামনে রেখে গাজীপুরজুড়ে পাওয়া না-পাওয়ার যে আলোচনা শুরু হয়েছে, গত শনিবার সন্ধ্যায় আন্দারোলে গিয়ে দেখা গেল ওই গ্রামের মানুষও যোগ দিচ্ছেন সেই আলোচনায়। আন্দারোল মসজিদের পাশের খোলা মাঠে বয়োজ্যেষ্ঠদের সঙ্গে আলাপচারিতায় অংশ নিয়ে শোনা গেল, তাঁদের বঞ্চনার ইতিবৃত্ত। তবে তাঁরা স্বপ্ন দেখছেন নবগঠিত সিটি করপোরেশন আমূল পরিবর্তন আনবে এ এলাকায়। আলোচনার সূত্রপাত অবশ্য খেয়াঘাটে।
ঘাটে নৌকার জন্য অপেক্ষা করার সময় গল্পে গল্পে মো. মুজিবর রহমান জানান, আন্দারোলে অন্ধকার দূর করে মাত্র আড়াই বছর আগে বিদ্যুৎ পৌঁছেছে। তবে বিদ্যুৎসংযোগ পেতে মাঠে নামতে হয় গ্রামের নারীদের। বছর তিনেক আগে স্থানীয় সাংসদ জাহিদ আহসান বাকরাল ব্রিজে একটি কর্মী সমাবেশ করতে এলে বিদ্যুৎ পাওয়ার দাবিতে ভাঙা হারিকেন হাতে মিছিল নিয়ে সেখানে হাজির হন আন্দারোলের মা-বোনেরা। ওই ঘটনারও মাস ছয়েক পর বিদ্যুৎ আসে। তবে বিদ্যুৎ এলেও আঁধার কাটেনি আন্দারোলসহ আশপাশের গ্রামগুলোর, বললেন ওই গ্রামের মো. আজিম উদ্দিন। আজিম পড়ছেন স্নাতকে, রাজধানীর মিরপুরের সরকারি বাঙ্লা কলেজে। আজিম বলেন, ‘গ্রামে কোনো শিক্ষাপ্রতিষ্ঠান নেই। আর শিক্ষার সুযোগ সৃষ্টি করা না গেলে সামাজিক অন্ধকার কাটানো যায় না।’
আন্দারোল যেতে হলে টঙ্গীর গাজীপুরা থেকে সাতাইশ সড়ক হয়ে তিনবার যানবাহন পাল্টাতে হয়। এরপর ছয় কিলোমিটার দূরত্বের খানাখন্দে ভরা সড়ক পাড়ি দিতে হয়। সময় লাগে কমপক্ষে এক ঘণ্টা। তাই সাধারণত খেয়া পার হয়ে বাকরাইল যান আজিম। এরপর হেঁটে যান মুদাফা বাজার। সেখান থেকে টেম্পোতে যান টঙ্গীর চেরাগ আলী। সেখান থেকে বাসে মিরপুর যান।
৫২ নম্বর ওয়ার্ডে আন্দারোল ছাড়াও কাকিল সাতাইশ, মুদাফা, ভাদাম, বাকরাল, গুটিয়া, গুশুলিয়া, দাড়াইল ও তিলারগাতি এলাকা পড়ে। ওয়ার্ডের বাসিন্দা প্রায় ৩০ হাজার। ভোটারসংখ্যা ১০ হাজার ৪০০। এ ওয়ার্ডে দুটি উচ্চবিদ্যালয় ও দুটি সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে। অনেকগুলো পোশাক কারখানা ও শিল্পপ্রতিষ্ঠান থাকায় এ এলাকায় স্থানীয় লোকজনের পাশাপাশি সারা দেশ থেকে আসা অনেক শ্রমিক বসবাস করেন।
৫২ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা গ্যাসের সরবরাহ না থাকা। আন্দারোল, ভোলার টেক, বাকরাইল ও গুটিয়ার কিছু অংশে গ্যাস নেই। ভোলার টেক ও তিলারগাতির কিছু এলাকায় বিদ্যুতের সরবরাহ লাইনও নেই। রাস্তাঘাটের অবস্থাও নাজুক।
আন্দারোল গ্রামের কুয়েতপ্রবাসী সাহাজুদ্দিন বলেন, ‘গ্রামের পূর্ব পাশে তুরাগ নদের পাড় ধরে বাকরাল ব্রিজ পর্যন্ত একটা রাস্তা হবে বলে শুনেছি। এখন দেখার বিষয় কবে হয়। বিদ্যুতের খাম্বা তো লাগানো হয়েছিল ১০ বছর আগে, বিদ্যুৎ আসতেই লাগল সাত বছর।’