বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আন্দোলনের পাশাপাশি নির্বাচনেরও প্রস্তুতি নিচ্ছে বিএনপি। ঈদের পর আন্দোলন জোরদার করতে দল গোছানোরও কাজ চলছে।
গতকাল শনিবার সকালে রাজধানীর মিরপুরে একটি হাসপাতালে মির্জা ফখরুল সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন। সড়ক দুর্ঘটনায় আহত বিএনপির চেয়ারপারসনের প্রেস উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদারকে দেখতে ওই হাসপাতালে যান তিনি।
মির্জা ফখরুল বলেন, সংগঠনের কার্যক্রম ও কমিটি পুনর্গঠন চলমান একটি প্রক্রিয়া। এটি চলছে। আমরা সংগঠন গোছানোর কাজ করছি। নির্বাচনের জন্যও প্রস্তুতি নিচ্ছি। সামনে আন্দোলনের সর্বাত্মক প্রস্তুতিও চলছে। তিনি বলেন, সরকার জনগণের ভোটে নয়, জোর করে ক্ষমতায় বসে আছে। এ সরকারকে হটাতে বিএনপি জনগণকে সম্পৃক্ত করে আন্দোলন তীব্রতর করবে। বিএনপি আন্দোলনের মধ্যেই আছে—উল্লেখ করে তিনি বলেন, ঈদের পর আন্দোলনের নতুন কর্মসূচি শুরু হবে।
ঈদের পর কী ধরনের কর্মসূচি দেওয়া হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, দমন-পীড়নের মধ্যেও সশস্ত্র শক্তির সঙ্গে নিরস্ত্র জনগণ আন্দোলন-সংগ্রাম চালিয়ে যাচ্ছে। প্রতিনিয়ত জনগণের ওপর গুলিবর্ষণ করা হচ্ছে। সরকারের অন্যায়ের বিরুদ্ধে জনগণের আন্দোলন থেমে নেই। ঈদের পর আরও আন্দোলন হবে।
বিএনপির আন্দোলনের ঘোষণা নিয়ে সরকারের মন্ত্রীদের সমালোচনার জবাবে মির্জা ফখরুল বলেন, সরকারের মন্ত্রীরা বালখিল্যের মতো কথা বলছেন। মন্ত্রীরা কেউই জনগণের ভোটে নির্বাচিত হয়ে মন্ত্রী হননি। দেশের মানুষ এখন তাঁদের পদত্যাগ চায়। ৫ জানুয়ারি আওয়ামী লীগ দেশের মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করেছে।