আন্দোলন ঠেকাতে আগাম ছুটি
বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের বিরুদ্ধে ডাকা আন্দোলন ঠেকাতে আগেভাগেই ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২২ জুলাই ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে ১৩ জুলাই থেকে। ওই দিন থেকে ৩ আগস্ট পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ১৬ বিভাগের চেয়ারম্যানদের বৈঠকে ওই সদ্ধিান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৩ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করার সদ্ধিান্ত নেওয়া হয়েছে। ৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ৪ আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
বিশ্বকাপ ফুটবলের জন্য ছুটির কথা বলা হলেও ১৩ জুলাই রাতেই বিশ্বকাপ ফুটবলের খেলা শেষ হচ্ছে।
গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রেজিস্ট্রারের কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। এ সময় সহকারী রেজিস্ট্রারকে মারধোরও করেন শিক্ষার্থীরা। ওই ঘটনায় ৭ জুন কোতোয়ালি মডেল থানায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আকিব জাবেদ খান, রেজা শরীফ, এনামুল মনি ও আল মারুনের নাম উলে্লখ করে ৪০-৫০ জনের বিরুদ্ধে মামলা করা হয়। এরপর মামলা প্রত্যাহারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন শুরু করেন। হামলার ঘটনায় গত ৩০ জুন ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করায় পরীক্ষা বর্জন ও ক্লাস বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা। আজও কোনো বিভাগে ক্লাস হয়নি।
আন্দোলনরত সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল খান প্রথম আলোকে বলেন, আন্দোলন ঠেকাতে বা আন্দোলনের ভয়ে কতর্ৃপক্ষ ছুটি এগিয়ে এনেছে। তবে আমাদের পরীক্ষা ও ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে।'
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী সাদমান আলম খান বলেন, ১০ জুলাই থেকে সব বিভাগের পরীক্ষা শুরু হওয়ার কথা। যেহেতু আন্দোলন চলছে, ওই পরীক্ষা অনুষ্ঠিত হওয়া সম্ভব নয়। তাই ছুটি ঘোষণা করা হয়েছে। ছয় শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।'
বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর গণিত বিভাগের চেয়ারম্যান মো. শফিউল আলম প্রথম আলোকে বলেন, পরীক্ষা তো আগেই স্থগিত করা হয়েছে। তার পরও রমজানের মধ্যে কোনো ধরনের ঝামেলা যাতে না হয় সে জন্য ছুটি এগিয়ে দেওয়ার জন্য অনুরোধ করা হয়েছে। তাই ছুটি এগিয়ে আনা হয়েছে।'
উপাচার্য মো. হারুনর রশীদ খান প্রথম আলোকে বলেন, আন্দোলন ঠেকানো ছুটি, কথাটা ঠিক নয়। বিশ্বকাপ ফুটবলের কারণে শিক্ষার্থীরাই দাবি করেছে পরীক্ষা পেছানোর জন্য। এ ছাড়া সব বিভাগের চেয়ারম্যানদের পরামর্শক্রমে ২২ তারিখের ছুটি ১৩ তারিখ থেকে করা হয়েছে।'