আন্দোলন ঠেকাতে ছুটি ঘোষণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিরুদ্ধে মামলা ও বহিষ্কারের বিরুদ্ধে ডাকা আন্দোলন ঠেকাতে আগেভাগেই ছুটি ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২২ জুলাই ছুটি শুরু হওয়ার কথা থাকলেও তা শুরু হচ্ছে ১৩ জুলাই থেকে। ওই দিন থেকে ৩ আগস্ট পর্যন্ত সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে।
গতকাল বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সঙ্গে ১৬ বিভাগের চেয়ারম্যানদের বৈঠকে ওই সিদ্ধান্ত নেওয়া হয়।
বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিশ্বকাপ ফুটবল খেলা উপভোগ, পবিত্র রমজান, জুমাতুল বিদা, শবে কদর ও ঈদুল ফিতর উপলক্ষে ১৩ জুলাই থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ে ছুটি ঘোষণা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ৩ আগস্ট পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষা কার্যক্রম বন্ধ থাকবে। ৪ আগস্ট থেকে শিক্ষা কার্যক্রম শুরু হবে।
গত ৫ জুন বরিশাল বিশ্ববিদ্যালয়ের আন্দোলনকারী সাধারণ শিক্ষার্থীদের একটি অংশ রেজিস্ট্রারের কক্ষে হামলা ও ভাঙচুর চালায়। ওই ঘটনায় ৪০-৫০ জন শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা করা হয়। গত ৩০ জুন ছয় শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করা হয়। এই ঘটনায় পরীক্ষা বর্জন ও ক্লাস বর্জনের ডাক দেন শিক্ষার্থীরা। গতকালও কোনো বিভাগে ক্লাস হয়নি।
আন্দোলনরত সমাজবিজ্ঞান তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. ফয়সাল খান প্রথম আলোকে বলেন, ‘আন্দোলন ঠেকাতে বা আন্দোলনের ভয়ে কর্তৃপক্ষ ছুটি এগিয়ে এনেছে। তবে আমাদের পরীক্ষা ও ক্লাস বর্জনের কর্মসূচি অব্যাহত রয়েছে।’
তবে উপাচার্য মো. হারুনর রশীদ খান বলেন, ‘আন্দোলন ঠেকানো কথাটা ঠিক নয়। সব বিভাগের চেয়ারম্যানদের পরামর্শক্রমে ২২ তারিখের ছুটি ১৩ তারিখ থেকে করা হয়েছে।’