কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলের (কেইপিজেড) ব্যবস্থাপনা পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল (অব.) হাসান নাছিরকে প্রত্যাহার করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে প্রশাসন ও আন্দোলনকারী নেতাদের সঙ্গে বৈঠক শেষে কেইপিজেড কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়।
কেইপিজেডের আওতাভুক্ত প্রতিষ্ঠান কর্ণফুলী শুজ ইন্ডাস্ট্রিজের পরিচালক লে. জেনারেল (অব.) মো. শাহজাহান জানান, এমডিকে (ব্যবস্থাপনা পরিচালক) প্রত্যাহার করেছে কেইপিজেডের পরিচালনা সংস্থা ইয়ংওয়ান। নতুন এমডির দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ মো. ফিরোজ চৌধুরী। এই সিদ্ধান্ত গতকাল থেকে কার্যকর করা হয়েছে।
হাসান নাছিরকে সরিয়ে দেওয়ায় আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছে আনোয়ারা-কর্ণফুলী জনস্বার্থ সংরক্ষণ সংগ্রাম পরিষদ। আনোয়ারা থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী জানান, এমডি হাসান নাছিরকে সরিয়ে দেওয়ায় আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করা হয়েছে।
এমডিকে প্রত্যাহারসহ নয় দফা দাবিতে গত সোমবার কেইপিজেডের ফটকগুলোতে টানা অবস্থান কর্মসূচি পালন শুরু করে সংগ্রাম পরিষদ। ২০১১ সালের জুলাই মাস থেকে এমডির দায়িত্বে ছিলেন হাসান নাছির।
নতুন এমডি আবদুল্লাহ মো. ফিরোজ ইয়ংওয়ানের উপদেষ্টার দায়িত্বে ছিলেন। নতুন দায়িত্ব পাওয়ার পর তিনি বলেন, ‘সবার সহযোগিতা নিয়ে কাজ করতে চাই। যেসব সমস্যা আছে, তা আলোচনার মাধ্যমে সমাধান করা হবে। কেইপিজেডকে মডেল শিল্পজোন হিসেবে গড়ে তুলতে চাই।’
গতকাল বিকেলে কেইপিজেড ডরমেটরিতে অনুষ্ঠিত বৈঠকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা মফিদুল আলম, পটিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রোকেয়া পারভীন, আনোয়ারার সহকারী কমিশনার (ভূমি) ওবায়দুর রহমানসহ আন্দোলনকারী কয়েকজন নেতা উপস্থিত ছিলেন।
বৈঠকে জেলা প্রশাসক মেজবাহ উদ্দিন আন্দোলনকারীদের উদ্দেশে বলেন, আপনারা কোথাও খুঁটি পুঁতবেন না। এখন থেকে কোনো কাজে বাধা দেবেন না। আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করতে হবে।
এর আগে দুপুরে আন্দোলনকারী নেতাদের সঙ্গে কেইপিজেড কর্তৃপক্ষ আলোচনা করে। এ সময় এমডি বদলের সিদ্ধান্তের কথা জানানো হয়। বৈঠকে কেইপিজেডের প্রতিনিধিত্ব করেন লে. জেনারেল (অব.) মো. শাহজাহান, ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবদুল্লাহ মো. ফিরোজ চৌধুরী প্রমুখ। আন্দোলনকারীদের মধ্যে আনোয়ারা থানা আওয়ামী লীগের সভাপতি কাজী মোজাম্মেল হক ও সাধারণ সম্পাদক এম এ মান্নান চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।
এমডি হাসান নাছিরের অপসারণসহ কেইপিজেডের ভেতরে অবস্থিত কবরস্থান, শ্মশান, মসজিদ, মন্দিরের জায়গা নিয়ে স্থানীয় ব্যক্তিদের বিরোধ চলে আসছিল। ফেব্রুয়ারি মাসে ১৬ জন নিরাপত্তাকর্মীকে চাকরিচ্যুত করার পর ২৮ ফেব্রুয়ারি থেকে এমডির বিরুদ্ধে আন্দোলন শুরু হয়। পরে এই আন্দোলনের সঙ্গে উপজেলা চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানেরা যুক্ত হন।