আন্দোলন থামাতে দমন-পীড়ন, অপপ্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সীমান্তসংলগ্ন প্রান্তিক শহর খুলনা রাজধানী ঢাকা থেকে অনেক দূরে। বরং পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা অনেক কাছে, সংবাদপত্র ও ‘আকাশবাণী’ সূত্রে খবরাদি মেলে অনেক দ্রুত। পাকিস্তান প্রতিষ্ঠার পর শিক্ষিত হিন্দু মধ্যবিত্তের দেশত্যাগের ফলে এখানকার সামাজিক ভারসাম্য নষ্ট হয়। ওই শূন্যতার কিছুটা পূরণ হয় একাধিক শ্রেণির মুসলমানের দ্বারা। মুসলিম লীগের সম্প্রদায়বাদী প্রভাব তখন তুঙ্গে। প্রগতিশীল রাজনীতি-সংস্কৃতি যতটা সম্ভব ধরে রেখেছেন কমিউনিস্ট পার্টির অবশিষ্ট সদস্যরা।
শেষোক্তরাই ভাষা আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের প্রধান ভরসাস্থল। সে ক্ষেত্রে অন্তত ১৯৪৮-এ মুসলিম উপস্থিতি সংখ্যালঘু পর্যায়ে। এদিক থেকে ভাষা আন্দোলনের প্রাথমিক প্রাণকেন্দ্র খুলনা শহরের অদূরে দৌলতপুর বিএল কলেজ। সাংগঠনিক পরিচয়ে ছাত্র ফেডারেশন ও পূর্ব পাকিস্তান মুসলিম ছাত্র লীগের প্রগতিবাদী সদস্যরা।
গণপরিষদে ধীরেন্দ্রনাথ দত্তের ব্যবহারিক বাংলার প্রস্তাব নাকচ হওয়ার পর যেমন ঢাকায়, তেমনি খুলনায়, মূলত দৌলতপুরের কলেজে ২৭ ফেব্রুয়ারি এক প্রতিবাদ সভা হয়। সভাপতি ছাত্রলীগ নেতা আবদুল হামিদ, বক্তা ধনঞ্জয় দাস, আমজাদ হোসেন, জগদীশ বসু প্রমুখ ছাত্রনেতা। খুলনার এক ভাষাসংগ্রামী আবু মোহাম্মদ ফেরদৌসের মতে, এ পর্যায়ে ভাষা আন্দোলনে নেতৃত্ব দিতে এগিয়ে আসেন ছাত্র ফেডারেশনের স্বদেশ বোস, সন্তোষ দাশগুপ্ত, শৈলেন ঘোষ, আনোয়ার হোসেন প্রমুখ এবং মুসলিম ছাত্রলীগের জিল্লুর রহমান, মতিয়ার রহমান, তাহমীদ উদ্দিন প্রমুখ। ছিলেন আলহাজ এ কে চান মিয়া। তাঁর মতে, এ পর্বে ‘খুলনায় ভাষা আন্দোলনের উদ্যোক্তা মূলত কমিউনিস্ট পার্টি’।
সদ্য স্বাধীন পূর্ববঙ্গে তখন জনগণ পাকিস্তানি মৌতাতে অন্ধ। যেকোনো সরকারবিরোধী আন্দোলনকেই মানুষ খুব একটা সুনজরে দেখছে না। এ অবস্থায় ভাষা আন্দোলনে নেতৃত্ব দেওয়া সহজ কাজ ছিল না। তাই ছাত্রনেতাদের কৌশলী ভূমিকা নিতে হয়। তাঁরা বাংলা ভাষার পক্ষে নমনীয় ভাষায় একটি প্রচারপত্র লিখে তাতে মুসলিম লীগ নেতা সবুর খানের স্বাক্ষর নিতে চেষ্টা করেন। কিন্তু সবুর খান তাতে স্বাক্ষর দেননি। বিষয়টা স্পষ্ট করেছেন খুলনার আরেক ভাষাসংগ্রামী আবদুল হালিম। তাঁর লেখা এবং ব্যক্তিগত আলোচনায় খুলনায় ভাষা আন্দোলনের সমস্যার বিষয়টি স্পষ্ট হয়ে ওঠে।
তবু প্রচারপত্রের প্রকাশ ও বিতরণ যথাসম্ভব সতর্কতার সঙ্গে সম্পন্ন করা হয়। কিন্তু প্রশাসন এ ব্যাপারে অধিকতর সজাগ, বিশেষ করে পুলিশ বিভাগ। এ সম্পর্কে আবু মোহাম্মদ ফেরদৌস বলেন, খুলনার পুলিশ সুপার মহিউদ্দিন আহমদ তাদের ডেকে বোঝাতে চেষ্টা করেন যে সদ্য স্বাধীন শিশুরাষ্ট্র পাকিস্তানকে ধ্বংস করার জন্য হিন্দুরা, বিশেষ করে কমিউনিস্টরা এসব ধ্বংসাত্মক কাজে নেমেছে, তাই তারা যেন পাকিস্তানবিরোধী কাজ থেকে দূরে থাকে। উপস্থিত ছাত্রনেতারা পুলিশ সুপারের পরামর্শ না মানলেও বাস্তবে দেখা গেল পুলিশি হুমকির কারণে ছাত্রদের একাংশে দ্বিধা, দোদুল্যমানতা। ইতিমধ্যে ১০ মার্চ পুলিশ ছাত্র ফেডারেশনের সব নেতাসহ তাহমীদ উদ্দিনকেও গ্রেপ্তার করে। তবু ১১ মার্চ দৌলতপুর কলেজের ছাত্রদের তৎপরতায় ওই কলেজ ও খুলনা শহরের স্কুলগুলোয় ধর্মঘট পালিত হয়। খুলনায় তখন কোনো কলেজ ছিল না, তাই দৌলতপুর কলেজই হয়ে ওঠে খুলনায় ভাষা আন্দোলনের প্রাণকেন্দ্র।
ওই কলেজছাত্রদের মিছিল খুলনায় এসে মিউনিসিপাল পার্কে জনসভার আয়োজন করে। কিন্তু পুলিশ ও মুসলিম লীগের গুন্ডা বাহিনীর ভয়ে পার্কে জনসমাগম ছিল কম। সভায় লিখিত প্রস্তাব পাঠ করেন ছাত্র ফেডারেশন নেতা আনোয়ার হোসেন (খাপড়া ওয়ার্ডে পুলিশের গুলিতে শহীদ)। ওই দিন পুলিশ আনোয়ার হোসেন, স্কুলছাত্র মতিয়ার রহমানকে গ্রেপ্তার করে। খুলনায় পুলিশের দাপটে আটচল্লিশের ভাষা আন্দোলন এভাবে শেষ হয়।

দুই.
একুশে ফেব্রুয়ারির (১৯৫২) আন্দোলন শুরুতে অন্যান্য শহরের মতো গতিময় হয়ে ওঠেনি। এর কারণ সবুর খানসহ মুসলিম লীগ নেতা ও তাঁদের সরকারের প্রচণ্ড দমনপীড়ন গ্রেপ্তার এবং সেই সঙ্গে সাম্প্রদায়িক অপপ্রচার।
তা সত্ত্বেও এম এ গফুর, তোফাজ্জল হোসেন, এম এ বারী প্রমুখের চেষ্টায় শহর খুলনার অধিকাংশ স্কুলে ধর্মঘট হলেও জিলা স্কুল ছিল ব্যতিক্রম। আবারও আন্দোলনে দৌলতপুরের বিএল কলেজ অগ্রণী ভূমিকা গ্রহণ করে। সেখানে নুরুল ইসলাম, মিজানুর রহিম, জাহিদুল হক প্রমুখের নেতৃত্বে ধর্মঘট পালিত হয়।
ঢাকার ঘটনার প্রতিক্রিয়ায় ২৩ ফেব্রুয়ারি খুলনার ছাত্রছাত্রীরা নতুন প্রেরণায় উদ্দীপ্ত হয়ে আন্দোলন সফল করতে তৎপর হয়ে ওঠে। এই প্রথম শহরে দিনের বেলায় প্রকাশ্যে পোস্টার সাঁটা হয় এবং ২৩ ফেব্রুয়ারির হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়। ছাত্রদের পাশাপাশি ছাত্রীরাও অনেকে আন্দোলনে অংশ নেয়। এদের মধ্যে ছাত্রীনেতা রোকেয়া শিরির রয়েছে উল্লেখযোগ্য ভূমিকা।
২৪ ফেব্রুয়ারি গঠিত হয়ে ভাষা সংগ্রাম কমিটি। আহ্বায়ক এম এ গফুর। সদস্য আবু মোহাম্মদ ফেরদৌস, নুরুল ইসলাম, মিজানুর রহিম, জাহিদুল হক, এ কে শামসুদ্দিন, এ এফ এম জলিল, খন্দকার আবদুল হাফিজ, এম এ বারী প্রমুখ। ২৫ ফেব্রুয়ারি খুলনায় হরতাল পালিত হয় এবং বিকেলে মিউনিসিপ্যাল পার্কে জনসভা অনুষ্ঠিত হয়। সভাপতি খন্দকার হাফিজ। ২৭ ফেব্রুয়ারি দৌলতপুর বাজারে এবং ২৮ ফেব্রুয়ারি আবার মিউনিসিপ্যাল পার্কে জনসভা। এ পর্যায়ে রাজনৈতিক নেতাদের কেউ কেউ সমর্থনে এগিয়ে আসেন, যেমন: আবদুল জব্বার, দেলদার আহমদ প্রমুখ। এভাবে একুশের ভাষা আন্দোলনের সমাপ্তি যদিও শেষ দিকে, সবুর খানের প্রচণ্ড বিরোধিতা ছিল উল্লেখযোগ্য ঘটনা।