আন্দোলন থামাতে দুই অভিভাবককে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেতন বাড়ানোর প্রতিবাদের আন্দোলন থামাতে উত্তরা হাইস্কুল অ্যান্ড কলেজের দুই অভিভাবক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার পরিচালনা পর্ষদের সভা থেকে ডেকে নিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
দুই সদস্যকে গ্রেপ্তারের পর জাতীয় বেতন স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার স্থগিতাদেশ প্রত্যাহার করে নিয়েছে কলেজ পরিচালনা পর্ষদ। এতে করে বর্ধিত ফি বহালই থাকছে। অবশ্য আজ বুধবার থেকে প্রভাতি ও দিবা শাখার সব কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে বলে কলেজ কর্তৃপক্ষ জানিয়েছে।
গতকাল মঙ্গলবার প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সভাপতি মো. আনোয়ারুল ইসলামের সই করা আদেশে বেতন দেওয়ার স্থগিতাদেশ প্রত্যাহারের কথা উল্লেখ করা হয়।
জানা যায়, গতকাল দুপুরে পরিচালনা পর্ষদের সভা চলাকালে পর্ষদের দুই অভিভাবক প্রতিনিধিকে সভা থেকে ডেকে নিয়ে যায় উত্তরা পশ্চিম থানা পুলিশ। এ দুই অভিভাবক সদস্য হলেন ফজলুল হক ও হাজি আমান উল্লাহ। রাতে এ প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের উত্তরা পশ্চিম থানায় পুলিশি হেফাজতে রাখা হয়েছে।
জানতে চাইলে উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন বলেন, শিক্ষকদের মারধর করার অভিযোগে তাঁদের গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু কলেজের শিক্ষক ও পর্ষদের অন্য কয়েকজন সদস্য জানিয়েছেন, যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাঁরা নির্দোষ। আন্দোলন থামাতে তাঁদের পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
কয়েকজন অভিভাবক অভিযোগ করেন, এ মাস থেকেই শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করে শিক্ষাপ্রতিষ্ঠানটি। কিন্তু এ নিয়ে গত সোমবার কলেজের সামনে বিক্ষোভ করেন অভিভাবকেরা। এই বিক্ষোভের পরিপ্রেক্ষিতে শিক্ষার্থীদের বেতন বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করে প্রতিষ্ঠানের পরিচালনা পর্ষদ। একই সঙ্গে নতুন বেতন স্কেল অনুযায়ী শিক্ষক-কর্মচারীদের বেতন দেওয়ার সিদ্ধান্তও স্থগিত করা হয়। কিন্তু তাতে ক্ষুব্ধ হয়ে শিক্ষা কার্যক্রম থেকে বিরত থাকেন শিক্ষক-কর্মচারীরা।
বেতন বৃদ্ধি নিয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, তাঁরা নীতিমালা মেনেই শিক্ষার্থীদের বেতন বৃদ্ধি করেছেন। বছরের শুরুতেই তাঁরা শিক্ষক-কর্মচারীদের বেতন স্কেল বাস্তবায়নের জন্য বেতন বৃদ্ধির সম্ভাবনার কথা অভিভাবকদের জানিয়েছিলেন। এ মাস থেকে বর্ধিত বেতনে টাকা নেওয়া হচ্ছে।
উত্তরা হাইস্কুল ও কলেজে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ১০ হাজার। প্রাথমিক শাখার বেতন ১৩০ টাকা বৃদ্ধি করে ৫৩০ এবং মাধ্যমিকের ১৮০ টাকা বৃদ্ধি করে ৭৮০ টাকা করা হয়েছে। প্রতিষ্ঠানে মোট শিক্ষক ১৬৫ জন, এর মধ্যে এমপিওভুক্ত ৭৬ জন। কর্মচারী আছেন ৪২ জন। কর্তৃপক্ষের মতে, শিক্ষার্থীদের বেতন ২৮ শতাংশ বৃদ্ধি করা হয়েছে।