পদোন্নতিসহ বিভিন্ন দাবিতে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতির চলমান আন্দোলনের বিপক্ষে অবস্থান নিয়েছে শিক্ষকদের একাংশ।
‘মুক্তিযুদ্ধের পক্ষে বঙ্গবন্ধুর চেতনা ও আদর্শের অনুসারী’ শিক্ষকেরা সংবাদ সম্মেলন করে শিক্ষক সমিতির আন্দোলন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। ‘নীল দল’ নামে পরিচিত শিক্ষকদের এই অংশ অভিযোগ করেছে, ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে আন্দোলন চালানো হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার বেলা ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়ে শোনান নীল দলের সদস্যসচিব আপেল মাহমুদ। তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের পদোন্নতিসহ বিভিন্ন দাবি নিয়ে শিক্ষক সমিতির সঙ্গে আন্দোলনে একাত্মতা জানিয়েছিলাম। শিক্ষার্থীদের লেখাপড়ার কথা চিন্তা করে এবং ক্যাম্পাসের স্বাভাবিক পরিবেশ বজায় রাখতে আমরা আন্দোলন থেকে সরে এসেছি। কিন্তু শিক্ষকদের একটি পক্ষ ক্যাম্পাসকে অস্থিতিশীল করতে আন্দোলন চালিয়ে যাচ্ছে। আমরা তাদের সঙ্গে এই আন্দোলনে নেই।’
আন্দোলন থেকে নীল দলের সরে দাঁড়ানো প্রসঙ্গে শিক্ষক সমিতির নির্বাহী সদস্য তাবিউর রহমান বলেন, ‘আমাদের সঙ্গেই ছিলেন তাঁরা। সম্ভবত ভিসি স্যারের হস্তক্ষেপে নীল দল তাদের অবস্থান থেকে সরে দাঁড়িয়েছে।’
গতকাল তৃতীয় দিনের মতো প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষক সমিতি। বেলা ১১টা থেকে দুইটা পর্যন্ত চলা কর্মসূচিতে বক্তব্য দেন সমিতির সভাপতি সাইদুল হক, সাধারণ সম্পাদক পরিমল চন্দ্র বর্মণ প্রমুখ। তবে আন্দোলন চললেও শিক্ষার্থীদের ক্লাস ও পরীক্ষা চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন তাঁরা।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রাজনীতিতে শিক্ষক সমিতির নেতারা ‘মুক্তিযুদ্ধের পক্ষের প্রগতিশীল শিক্ষক সমাজ’ নামে কার্যক্রম চালান।