আন্দোলন প্রত্যাহারের পরও অচলাবস্থা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইসলামী বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা গতকাল বৃহস্পতিবারও কাটেনি। এর আগের দিন বিশ্ববিদ্যালয় প্রশাসনের আশ্বাসে ছাত্রলীগের চাকরিপ্রত্যাশী সাবেক নেতা-কর্মীরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দিয়েছিলেন।
বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তা-কর্মচারী পদে চাকরির দাবিতে গত সোমবার প্রশাসন ভবনে তালা লাগিয়ে দিয়েছিলেন ছাত্রলীগের সাবেক কিছু নেতা-কর্মী। প্রায় তিন দিন তালাবদ্ধ থাকার পর গত বুধবার বিশ্ববিদ্যালয় প্রশাসন তাঁদের একাংশের সঙ্গে বৈঠকে বসে। বৈঠকে বিভিন্ন দাবি মেনে নেওয়া ও চাকরির ব্যাপারে আশ্বাস দেওয়ার পর তাঁরা আন্দোলন প্রত্যাহারের ঘোষণা দেন তাঁরা। পরে সন্ধ্যায় তালাও খুলে দেন।
এরপর গতকাল চাকরিপ্রত্যাশীদের আরেক অংশ বিশ্ববিদ্যালয়ের পরিবহন সার্ভিসের বাসগুলোর চাবি কেড়ে নেয়। ফলে শিক্ষক ও শিক্ষার্থী বহনকারী কোনো বাসই ক্যাম্পাসে ঢুকতে পারেনি। এতে কোনো বিভাগেই পূর্বনির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। তবে সীমিত পরিসরে প্রশাসনিক কার্যক্রম চলেছে।
নাম প্রকাশ না করার শর্তে বিশ্ববিদ্যালয়ের পরিবহন দপ্তরের একজন কর্মকর্তা বলেন, গতকাল সকাল পৌনে নয়টার দিকে কুষ্টিয়া ও ঝিনাইদহ শহর থেকে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব বাসগুলো ছাড়ার আগে চাকরিপ্রত্যাশী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাবেক নেতা মাহবুব হোসেন ও আরব আলীর পক্ষের কিছু নেতা-কর্মী ও বহিরাগত ব্যক্তি চালকদের কাছ থেকে চাবি কেড়ে নেন।
আরব আলীর সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন চাকরিপ্রত্যাশীদের এক পক্ষের সঙ্গে বসলেও আমাদের সঙ্গে বসেনি। যতক্ষণ প্রশাসনের কাছ থেকে কোনো সুস্পষ্ট বার্তা না পাচ্ছি, ততক্ষণ বাসের চাবি ও ক্যাম্পাসকে স্বাভাবিকভাবে চলতে দেওয়া হবে না।’ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক অধ্যাপক মামুনুর রহমান বলেন, ‘ঘটনাটি দুঃখজনক। বিষয়টি জানার পর বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি।’
উপাচার্য আবদুল হাকিম সরকার বলেন, বিশ্ববিদ্যালয়কে স্বাভাবিক করতে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে আলোচনার প্রক্রিয়া চলছে। অতিসত্বর ক্যাম্পাস সচল হবে।