
আন্দোলন স্থগিত করেছেন চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষার্থীরা। হল ছাড়ার নির্দেশ বাতিলসহ কর্তৃপক্ষ বেশ কয়েকটি দাবি মেনে নেওয়ার আশ্বাস দিলে তাঁরা কর্মসূচি স্থগিত করেন।
এ ব্যাপারে চট্টগ্রাম নার্সিং কলেজ স্টুডেন্টস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক পিংকি চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘কলেজ কর্তৃপক্ষের পক্ষ থেকে হল ছাড়ার নির্দেশনা বাতিল, ভারপ্রাপ্ত অধ্যক্ষ নিয়োগের ঘোষণাসহ অন্য দাবিগুলো মেনে নেওয়ার আশ্বাসের পরিপ্রেক্ষিতে আমরা চলমান আন্দোলন কর্মসূচি স্থগিত করেছি।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম মেডিকেল কলেজের সম্মেলনকক্ষে আন্দোলরত শিক্ষার্থীদের দাবি-দাওয়া নিয়ে বৈঠক হয়। এতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল খন্দকার শহিদুল গনি, বিএমএর সভাপতি মুজিবুল হক খান এবং নার্সিং কলেজের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
চট্টগ্রাম নার্সিং কলেজের শিক্ষাবিষয়ক কার্যক্রম দেখভাল করে চট্টগ্রাম মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। আর প্রশাসনিক কার্যক্রম তদারক করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।
আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, বৈঠকে কলেজের বর্তমান অধ্যক্ষের পরিবর্তে উপাধ্যক্ষ মিলি চৌধুরীকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেওয়া এবং ছাত্রীদের হল ছাড়ার নির্দেশনা বাতিলের সিদ্ধান্ত হয়। শিক্ষক রুবি দত্তকে ছয় মাসের মধ্যে কলেজ থেকে সরিয়ে নেওয়ার প্রতিশ্রুতি দেওয়া হয়। এ ছাড়া শিগগির কলেজের শ্রেণি কার্যক্রম পুনরায় চালুসহ অন্য দাবিগুলোর বিষয়ে কাল শনিবার আবার আলোচনায় বসার সিদ্ধান্ত হয়েছে।
বিএমএর সভাপতি মুজিবুল হক খান সাংবাদিকদের বলেন, ‘আমরা শিক্ষার্থীদের বেশির ভাগ দাবি মেনে নিয়েছি। তাঁরা এখন হলে থাকতে পারবেন। অন্য দাবিগুলো নিয়ে শনিবার আবারও আলোচনায় বসব। একাডেমিক কাউন্সিলের বৈঠকের মাধ্যমে কলেজ খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হবে।’
বুধবার সন্ধ্যায় কলেজের অধ্যক্ষের সই করা একটি বিজ্ঞপ্তিতে গতকাল সকাল ১০টার মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু সকাল থেকে শিক্ষার্থীরা হলের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন। একপর্যায়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক সেখানে যান। তিনি আলোচনায় বসার অনুরোধ জানান তাঁদের। পরে শিক্ষার্থীরা আলোচনায় বসতে সম্মত হন।
গত সোমবার থেকে নার্সিং কলেজের ছাত্রছাত্রীরা অধ্যক্ষ হোসনে আরা বেগম ও শিক্ষক রুবি দত্তের অপসারণ, পরীক্ষার ফলাফল পুনর্মূল্যায়নের দাবিতে ক্লাস বর্জন ও বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিলেন। মঙ্গলবার বিকেলে কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দেন অধ্যক্ষ। একই সঙ্গে বুধবার বিকেল তিনটার মধ্যে ছাত্রীদের হল ছেড়ে যাওয়ার নির্দেশ দেওয়া হয়। কিন্তু এ সময়ের মধ্যেও তাঁরা হল না ছাড়ায় গতকাল সকাল ১০টার মধ্যে তাঁদের হল ছেড়ে দিতে বলা হয়।