আন্দোলনকারী শিক্ষার্থী-পুলিশ ধস্তাধস্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বারান্দায় গতকাল অবস্থান নেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা। একপর্যায়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো
প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ ওঠায় মেডিকেলের ভর্তি পরীক্ষার ফল বাতিলের দাবিতে ঢাকা মেডিকেল কলেজের প্রশাসনিক ভবনের বারান্দায় গতকাল অবস্থান নেন ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থী ও অভিভাবকেরা। একপর্যায়ে তাঁদের সরিয়ে দেয় পুলিশ। এ সময় ধস্তাধস্তির ঘটনা ঘটে l ছবি: প্রথম আলো

ভর্তি-প্রক্রিয়া বন্ধের চেষ্টা করায় গতকাল মঙ্গলবার আন্দোলনকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে ধস্তাধস্তি হয়েছে। তবে শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষা বাতিল না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান গতকাল দ্বিতীয়বারের মতো সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে দাবি করেছেন, ভর্তি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়নি। ‘স্বার্থান্বেষী চক্র’ জনমনে বিভ্রান্তি সৃষ্টির চেষ্টা করছে।
টানা ১১ দিনের মতো গতকাল সকাল ১০টার দিকে মেডিকেলে ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেন। কাল ছিল মেডিকেল কলেজে ভর্তির প্রথম দিন। দুপুর ১২টার দিকে তাঁরা ঢাকা মেডিকেল কলেজে অধ্যক্ষের কক্ষে প্রবেশের চেষ্টা করেন। কলেজের কর্মচারীরা প্রথমে তাঁদের বাধা দেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পুলিশ এসে উপস্থিত হয়। তাঁরা শিক্ষার্থীদের সরে যেতে অনুরোধ করলেও শিক্ষার্থীরা রাজি হননি। পরে পুলিশের বাধায় তাঁরা কলেজ থেকে বেরিয়ে এসে বাইরে অবস্থান নেন। আজ আবারও তাঁরা কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান নেবেন বলে জানিয়েছেন।
এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছে, ২, ১৫ ও ১৭ সেপ্টেম্বর র্যাব এমবিবিএস ও বিডিএস পরীক্ষার প্রশ্ন ফাঁসের জালিয়াতি এবং প্রতারণার সঙ্গে জড়িত সন্দেহে যাঁদের গ্রেপ্তার করেছে, তাঁদের কাছে কোনো প্রশ্ন পাওয়া যায়নি।
তবে র্যাব ও কাফরুল থানার পুলিশ প্রথম আলোকে বলেছে, ১৫ তারিখ যে চক্রটিকে ধরা হয়, তাদের কাছে নমুনা প্রশ্ন ছিল। পুলিশ বলছে, মূল প্রশ্নের সঙ্গে মিল আছে কি না, খতিয়ে দেখতে তারা আদালতের অনুমতি প্রার্থনা করেছে।
২৩ সেপ্টেম্বর পরীক্ষা বাতিল এবং নতুন করে পরীক্ষা নেওয়ার অনুরোধ জানিয়ে প্রধানমন্ত্রী বরাবর চিঠি দেন শিক্ষার্থী ও তাঁদের অভিভাবকেরা। ওই চিঠিতে তাঁরা স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হক এবং পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নানকে প্রশ্ন ফাঁসের জন্য দায়ী করেন। ২০ সেপ্টেম্বর ফল প্রকাশের দিন থেকে এঁরা প্রশ্ন ফাঁস না হওয়ার দাবি করছেন।