আন্দোলনকারীদর বিরুদ্ধে দুটি মামলা, অর্ধদিবস হরতাল পালিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবিতে গতকাল সোমবার দ্বিতীয় দিনের মতো খানসামা উপজেলা সদরে অর্ধদিবস হরতাল পালিত হয়েছে। এদিকে রোববার হরতাল চলাকালে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের সংঘর্ষের ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।
খানসামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুল মতিন বলেন, ‘রোববার হরতাল চলাকালে পুলিশের ওপরে হামলা, নাশকতার ষড়যন্ত্র, আইনশৃঙ্খলার অবনতি ঘটানো এবং সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে ৪০ ব্যক্তির নাম উল্লেখ করে এবং অজ্ঞাত ৫০০-৬০০ জনকে আসামি করে দুটি মামলা করা হয়েছে। তবে রোববার বিকেলে আটক সাতজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এদিকে গত রোববার হরতাল চলাকালে পুলিশি হামলা-নির্যাতন, ‘মিথ্যা’ মামলার প্রতিবাদসহ কলেজ জাতীয়করণের দাবিতে আন্দোলনকারীরা গতকাল সকাল ছয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত হরতাল পালন করে। দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। শহরের বিভিন্ন মোড়ে পুলিশ অবস্থান নেয়। আন্দোলনকারীরা মিছিল করেননি।
কয়েকজন আন্দোলনকারী বলেন, প্রধানমন্ত্রীর ঘোষণা ও শিক্ষা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী যেসব উপজেলায় সরকারি কলেজ নেই, সেসব উপজেলা সদরের একটি বেসরকারি কলেজকে সরকারি করার সিদ্ধান্ত বাস্তবায়ন করা হচ্ছে। কিন্তু খানসামা সদরের খানসামা ডিগ্রি কলেজকে জাতীয়করণ না করে সদর থেকে ১০ কিলোমিটার দূরের পাকেরহাট ডিগ্রি কলেজকে জাতীয়করণের লক্ষ্যে তৃতীয় পর্যায়ে তালিকা প্রকাশ করা হয়েছে। কলেজটি জাতীয়করণের দাবিতে ‘খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটি’ গঠন করা হয়েছে। কমিটির ব্যানারে ২১ দিন ধরে হরতাল, মানববন্ধন, বিক্ষোভ মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এই দাবিতে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) মাধ্যমে প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হয়েছে।
শনিবার রাতে পুলিশ খানসামা ডিগ্রি কলেজ জাতীয়করণ বাস্তবায়ন কমিটির নেতৃত্বদানকারী পাঁচ সদস্যকে গ্রেপ্তার করে। রোববার হরতাল চলাকালে দফায় দফায় সংঘর্ষে পুলিশ কর্মকর্তাসহ ২৫ জন আহত হন।