আন্দোলনে অচল বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতীয়করণের দাবিতে পাঁচ দিন ধরে কুমিল্লার বুড়িচং এরশাদ ডিগ্রি কলেজের সব ভবনে তালা দিয়ে রেখেছেন শিক্ষার্থীরা। এতে গতকাল শনিবার কলেজে কোনো ক্লাস ও পরীক্ষা হয়নি। এই পরিস্থিতিতে আগামী মঙ্গলবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
আন্দোলনরত অন্তত পাঁচজন শিক্ষার্থী জানান, ১৯৮৬ সালে কলেজটি প্রতিষ্ঠা করা হয়। প্রতিষ্ঠার পর কলেজটি জাতীয়করণের জন্য একাধিকবার উদ্যোগ নেওয়া হয়। সম্প্রতি সরকার সারা দেশের ১৯৯টি কলেজকে জাতীয়করণ করার সিদ্ধান্ত নেয়। কিন্তু ওই তালিকায় বুড়িচং উপজেলা সদরের ওই কলেজের নাম নেই। এই পরিস্থিতিতে ১০ জুলাই থেকে শিক্ষার্থীরা সড়ক অবরোধ, মানববন্ধন, বিক্ষোভ মিছিল ও সংবাদ সম্মেলন করে দাবি আদায়ের নানা কর্মসূচি পালন করছেন। ২৬ জুলাই সকালে আন্দোলনরত শিক্ষার্থীরা কলেজের সব ভবনে তালা ঝুলিয়ে দেন।
শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কলেজের অধ্যক্ষ মো. জাহাঙ্গীর আলম বৃহস্পতিবার পর্যন্ত কলেজ বন্ধ ঘোষণা করেন। গতকাল শনিবার শিক্ষকেরা ক্লাস নিতে গেলে আন্দোলনরত শিক্ষার্থীরা দাবি আদায় না হওয়া পর্যন্ত কর্মসূচি অব্যাহত থাকবে বলে ঘোষণা দেন। একই সঙ্গে বিভিন্ন ভবনে তালা খুলতে বাধা দেন। এরই পরিপ্রেক্ষিতে গতকাল শনিবার কলেজের অধ্যক্ষ আবার তিন দিনের জন্য কলেজ বন্ধ ঘোষণা করেন।